বাঁশের ঠেকনায় চলছে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের ছাদ বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে l প্রথম আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের ছাদ বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে l প্রথম আলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়া রোধে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। সেখানেই ঝুঁকিপূর্ণভাবে চলছে চিকিৎসা কার্যক্রম। সে সঙ্গে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের স্বল্পতার কারণেও ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৬২ সালে আলমডাঙ্গা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে হারদী নামক স্থানে তৎকালীন চুয়াডাঙ্গা মহকুমায় প্রথম এই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপিত হয়। উপজেলার চার লাখ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল।
সরেজমিনে দেখা গেছে, ৩১ শয্যার মূল ভবনটির অসংখ্য জায়গায় বড় আকারের ফাটল। কর্তৃপক্ষ জানায়, ২৯ অক্টোবর রাতে জরুরি বিভাগের কক্ষের ছাদ বিকট শব্দ করে ফেটে দেবে যায়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ভেঙে পড়া ঠেকাতে পরদিন বাঁশের খুঁটি দিয়ে ঠেকা দেন। এর পর থেকে ঝুঁকিপূর্ণ পরিবেশে বারান্দায় জরুরি বিভাগের কার্যক্রম চলছে। ওই কক্ষটির ওপর মহিলা ওয়ার্ড হওয়ায় সেখানকার রোগীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। মূল ভবনের পাশে ২০১১ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১৯ শয্যার একটি ভবন নির্মাণ করা হয়। সেখানে বহির্বিভাগের রোগী দেখা হলেও বেশির ভাগ সেবা কার্যক্রম এখনো জরাজীর্ণ ভবনেই চলছে।
মহিলা ওয়ার্ডের এক রোগীর আত্মীয় সায়েরা খাতুন বলেন, কখন ভেঙে পড়ে সে ভয়েই থাকতে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নয়জন চিকিৎসকের জায়গায় আছেন সাতজন। কাগজে-কলমে কনিষ্ঠ পরামর্শক (গাইনি) ও সহকারী ডেন্টাল সার্জনের একটি করে পদ শূন্য। কিন্তু সাতজনের মধ্যে চারজনই অনুপস্থিত। অবশিষ্ট তিনজনের মধ্যে ইউএইচএফপিও আবু মোহাম্মদ জহুরুল ইসলাম বেশির ভাগ সময়ই দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাদী জিয়াউদ্দিন আহমেদ ও কনিষ্ঠ পরামর্শক এফসিপিএস ডিগ্রির জন্য ছুটিতে আছেন। কনিষ্ঠ পরামর্শক (অবেদনবিদ) শাফায়েত উল্লাহ শারীরিক অসুস্থতার কারণে প্রায় ছয় বছর ধরে কমপ্লেক্সে আসেন না। কনিষ্ঠ পরামর্শক (সার্জারি) তারিক হাসান প্রেষণে চুয়াডাঙ্গা হাসপাতালে আছেন।
অন্যদিকে উপজেলার ১৪টি উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য নিযুক্ত ১৪ জন সহকারী সার্জন ও চিকিৎসা কর্মকর্তার মধ্যে সাতজনকে মৌখিকভাবে স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও তাঁদের বেশির ভাগই সেবা কার্যক্রমের বাইরে আছেন। এসব চিকিৎসকের মধ্যে তিন নারী চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। রেফাত উদ্দিন তারেক যোগদানের পর থেকেই অনুপস্থিত।
এদিকে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ প্রায়ই বাইরে থেকে কিনতে হচ্ছে। উপজেলার মোহাম্মদপুর গ্রামের শাহিন হোসেন বলেন, ‘দুই দিন ভর্তির পর ৩৫০ ট্যাকার ওষুদ কিনিচি, দুটো সরকারি গ্যাসের বড়ি ছাড়া কিচুই পায়নি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে জরাজীর্ণ ভবনটির বড় ধরনের সংস্কার প্রয়োজন। নানামুখী চাপ ও সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ওষুধস্বল্পতা নিয়ে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।