বাঁশের ডোলে স্বপ্ন দোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান রাখার আদি উপকরণগুলোর একটি হচ্ছে ডোল। এই ডোল বুনে সচ্ছল হয়েছেন পাবনার বেড়া পৌরসভার শেখপাড়া মহল্লার ৯০ শতাংশ নারী। ধান কাটার মৌসুমে ডোলের চাহিদা বেশি থাকে বলে শেখপাড়ার নারীরা এখন নাওয়া-খাওয়া ভুলে কৃষকদের জন্য ডোল তৈরি করছেন।

শেখপাড়ায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন বয়সের নারী মিলে ডোল বুনছেন। কেউ বাঁশ কাটছেন, কেউ বেতি বা শলা চাঁছছেন, আবার কেউ ব্যস্ত ডোল বোনা ও বাঁধার কাজে। বারান্দা, উঠোন, গাছের ছায়ায় যে যেখানে পারেন সেখানে বসেই এই কাজ করছেন। শেখপাড়ার ২০০ পরিবারের মধ্যে কমপক্ষে ১৮০ পরিবারের প্রায় সব নারীই এই কাজে জড়িত। ৪০ বছরেরও বেশি সময় ধরে এখানে চলছে এই ডোল বোনার কাজ।

জানা গেছে, জমির ধান শুকিয়ে কৃষকেরা ডোলে রাখতেই বেশি পছন্দ করেন। বেড়া ও সাঁথিয়া উপজেলার ডোলের বেশির ভাগ চাহিদা পূরণ করে থাকেন শেখপাড়া মহল্লার নারীরা। সারা বছর তাঁরা বাঁশের চাটাইসহ অন্য বাঁশজাত সামগ্রী তৈরি করলেও বোরো মৌসুমে তাঁরা ব্যস্ত থাকেন ডোল তৈরির কাজে। ধান কাটা শুরু হওয়ার মাস দুয়েক আগে থেকেই তাঁরা ডোল তৈরির কাজ শুরু করে দেন। ধান কাটা শুরু হলে তো কথাই নেই।

নারীরা জানান, ডোলসহ বাঁশজাত সামগ্রী তৈরির কাজ মূলত নারীরাই করে থাকেন। পুরুষেরা বাঁশ কেনা ও বানানো সামগ্রী বিক্রিতে সহায়তা করেন। সারা বছর বাঁশজাত সামগ্রী বানিয়ে শেখপাড়ার নারীরা যা আয় করে থাকেন বোরো মৌসুমের মাত্র দুই-তিন মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি তাঁরা আয় করেন।

কাজের ফাঁকে শেখপাড়া মহল্লার রোকেয়া খাতুন, ফুলমতি, সুমি খাতুন, কুলসুম বেগমসহ কয়েকজন জানান, এবার ধানের ফলন ভালো হওয়ায় ডোলের চাহিদা অন্যান্য বছরের চেয়ে বেশি। সংসারের সব কাজ করেও প্রত্যেকের প্রতিদিন গড়ে ২০০ টাকা আয় হয়।

শেখপাড়ার নারীদের নিয়ে গড়া একটি সমিতির উদ্যোক্তা স্কুলশিক্ষক শিখা রাহা বলেন, ‘শেখপাড়ার নারীরা অত্যন্ত পরিশ্রমী। এই পরিশ্রম দিয়ে তাঁরা দারিদ্র্যকে জয় করতে শুরু করেছেন। এখানকার বেশির ভাগ নারীই বাঁশজাত হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে ধানের মৌসুমে ডোল বানানোর কাজটি তাঁদের জন্য নিয়ে এসেছে সুখের স্বপ্ন।’

সরেজমিন দেখা গেছে, দুই উপজেলার হাটগুলোয় দেদার বিক্রি হচ্ছে ডোল। সাঁথিয়ার কাশীনাথপুর হাটের ডোল বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ‘এসব ডোল শেখপাড়া গিরামের মহিলাগরে হাতে তৈরি। আমরা (ব্যাপারীরা) ওহানে গিয়্যা বিভিন্ন সাইজের ডোল কিইন্যা আইন্যা বাজারে বেচি।’