বাঁশের পাঁচতলা পূজামণ্ডপ ভেঙে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির ওপর নির্মিত পাঁচতলাবিশিষ্ট পূজামণ্ডপ ভেঙে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, উপজেলার গ্রাম জামালপুর দুর্গামন্দিরে পানির ওপর বাঁশ ও কাঠ দিয়ে পাঁচতলাবিশিষ্ট পূজামণ্ডপ নির্মাণ করা হয়। মহাভারতের কাহিনি অবলম্বনে ২০১ দেব-দেবীর প্রতিমা স্থাপন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী এই মণ্ডপে এসে ভিড় করেন। প্রতিদিনের মতো গতকাল বিকেলেও সহস্রাধিক দর্শনার্থী ভিড় জমান। এতে একপর্যায়ে দ্বিতীয় তলার পাটাতন ভেঙে যায়। এ সময় কয়েকজন পানিতে পড়ে যান। এ ছাড়া তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে সাতজন দর্শনার্থী আহত হন। আহত দর্শনার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূজার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্ত মণ্ডপে ওঠায় পাটাতন ভেঙে যায়।