বাঁশের বেড়া দিয়ে তিতাস দখল!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাঁশের বেড়া ও মাটির বাঁধ দিয়ে তিতাস নদী দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর থানার উল্টোদিকে সাত দিন আগে এ বাঁধ দেওয়া হয়েছে। প্রশাসনের বাধার কারণে গত সোমবার থেকে নদীর জমিতে মাটি ফেলে ভরাট কাজ বন্ধ রয়েছে।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবনগর গ্রামের মুক্তিযোদ্ধা মো. গনি মিয়া এবং মৃত মোতালিব মিয়ার স্ত্রী আয়েশা খাতুন ২০০৪ সালে কৃষি কাজের জন্য ওই জমি ইজারা নেন। তাঁদের নিরানব্বই বছরের জন্য ৫২ শতক করে ওই নদীর জমি ইজারা দেয় জেলা প্রশাসন।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, নদীতে বাঁশের বেড়া ও খুঁটির বাঁধ দিয়ে প্রায় নব্বই শতক জায়গা দখল করা হয়েছে।স্থানীয় কৃষক হোসেন মিয়া বলেন, ‘তিন-চার দিন আগে থেইক্কা গনি মিয়া আর মোতালিব মিয়ার পরিবারের লোকজন এইখানে বান (বাঁধ) দিছে। মাটি দিয়া ভইরা বাড়ি বানাইব হুনছি।’ছলিমাবাদ ইউনিয়নের তহশিলদার শুক্কুর আলী বলেন, ‘নদীতে মাটি ভরাট করতে আমরা নিষেধ করেছি। গত সোমবার থানা পুলিশও তাঁদের বাধা দেয়। বর্তমানে ওই জমিতে মাটি ভরাটের কাজ বন্ধ রয়েছে।’গনি মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকার আমাকে ৫২ শতক জায়গা ইজারা দিয়েছে। থাকার জায়গা না থাকায় ওই স্থান ভরাট করতে বাঁধ দিয়েছি।’ মোতালেব মিয়ার স্ত্রী আয়েশা খাতুন বলেন, ‘আমার গ্রামের বাড়িতে মাত্র এক শতক জায়গা আছে। আর আমার সাত ছেলেমেয়ে। হেগরে লইয়া থাকার জায়গা না পাইয়্যা জমিডা ভরতে চাইছিলাম।’উপজেলা কানুনগো ম্রাগ্য মারমা বলেন, ‘নদী ভরাট করে বসবাসের জন্য জমি ইজারা দেওয়ার নিয়ম নেই। আর আমার জানামতে তাঁরা কেউই এ ব্যাপারে অনুমতি নেননি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন জানান, রেকর্ডে এটি কৃষি জমি। ওই স্থানে মাটি ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।