বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় চলনবিল ও হালতিবিল এলাকার দুটি খালে ১২টি স্থানে বাঁশের বেড়া দিয়ে ও অবৈধ সুতিজালের ফাঁদ পেতে অবাধে মাছ শিকার চলছে। এই জালে মাছের পাশাপাশি কাঁকড়া, শামুকসহ নানা জলজ প্রাণী আটকা পড়ছে।
এর ফলে একদিকে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, নভেম্বরের শুরু থেকে চলনবিল ও হালতিবিলের পানি কমতে শুরু করেছে। নাটোরের সিংড়া উপজেলার দুটি খাল দিয়ে এই পানি মরা আত্রাই ও গুড় নদে বের হয়ে যাচ্ছে। পানির সঙ্গে বিলের বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীও নামছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সিংড়ার জোড়মল্লিকা গ্রাম এলাকার মদনডাঙ্গা খাল দিয়ে চলনবিলের পানি গুড় নদে গিয়ে পড়ছে। এই খালের আধা কিলোমিটারে তিনটি বাঁশের বেড়া দিয়ে সুতিজালের ফাঁদ পাতা হয়েছে। অন্যদিকে হালতিবিলের পানি ত্রিমোহনী এলাকা থেকে বখতিয়ার খালের মাধ্যমে শেরকোলের তেলিগ্রাম এলাকায় মরা আত্রাই নদে গিয়ে পড়ছে। এই খালের চার কিলোমিটারে নয়টি স্থানে বাঁশের বেড়া দিয়ে মাঝামাঝি সুতিজালের ফাঁদ পাতা হয়েছে। পোনা থেকে শুরু করে মা-মাছ, কাঁকড়া ও শামুক সুতিজালের এই ফাঁদে আটকা পড়ছে। বিশেষ করে তেলিগ্রাম, সোনাডাঙ্গা ও বড়বড়ি এলাকায় জালে এসব মাছ ও জলজ প্রাণী বেশি আটকা পড়ছে।
ওই খালে চলাচলকারী নৌকার মাঝি জাকিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন প্রতিটি জালে ২০ থেকে ৫০ হাজার টাকার মাছ ও শামুক-কাঁকড়া আটকা পড়ে। এর কোনো কিছুই ছেড়ে দেওয়া হয় না। এভাবে চললে বিল ও নদীতে মাছ-শামুক কিছুই পাওয়া যাবে না।’ তিনি জানান, বেড়ার মাঝখানে জাল পাতা হয়। ওই জালের ওপর দিয়ে যাওয়ার সময় প্রায়ই নৌকার ইঞ্জিনের সঙ্গে জাল আটকে যায়। এ নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ হয়।
তেলিগ্রামের এক মাছশিকারি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কী করব বলেন? এই সময়টা মাছ ধরার ভরা মৌসুম। মাছ না মারলে খাব কী? এখনকার ইনকাম দিয়া সারা বছর চলতে হয়।’
শেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বাদেশ আলী জানান, সুতিজালের কারণে এখানকার বিল ও নদীতে নৌকা নিয়ে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছে। বাঁশের বেড়া ও সুতিজালে প্রায়ই নৌকা আটকে যায়। অনেক সময় নৌকায় জাল ছিঁড়ে গেলে গন্ডগোল হয়। যাত্রীর নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে।
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এখানকার পানিতে মাছের যেমন প্রয়োজন আছে, তেমনি শামুক, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীর উপস্থিতিও দরকার। কারণ, কোনো না কোনোভাবে এগুলো মানুষের কল্যাণে কাজে লাগছে। অথচ সুতিজালের ফাঁদে এগুলো সবই ধরা পড়ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আছেন। তাই তাঁদের প্রতিহত করা যাচ্ছে না।
এ ব্যাপারে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। জালও ধ্বংস করা হয়েছে। কিন্তু একবারে সব বন্ধ করা যাচ্ছে না।