বাঁশের বেড়া দিয়ে মাছচাষ চলছেই, নতুন করে দখল

যশোর সদর উপজেলায় ভৈরব নদে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে নতুন করে এক কিলোমিটার অংশ দখল করে মাছের চাষ করছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা৷
এদিকে অনেক আগে থেকেই ছয় কিলোমিটার এলাকাজুড়ে ছয়টি স্থানে বেড়া দিয়ে মাছ শিকার করে আসছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা৷ এ নিয়ে ২০১১ সালের ১০ ডিসেম্বর প্রথম আলোয় ‘ভৈরব নদে বেড়া দিয়ে মাছ চাষ করছেন ক্ষমতাসীনেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর ‘ভৈরব নদের বেড়া উচ্ছেদে প্রশাসনের দুটি তদন্ত কমিটি’ ও ‘ভৈরব নদের বেড়া উচ্ছেদে তদন্ত দলের সরেজমিন পরিদর্শন’ শিরোনামে আরও দুটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে দখলদারদের ডেকে বেড়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ বেড়া উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়৷ কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়নি৷ বরং নতুন করে আরও এক কিলোমিটার দখল করে বেড়া দেওয়া হলো৷
বর্তমানে জেলা শহরের বাবলাতলা সেতুর উত্তর পাশ থেকে গাবতলা, পাগলাদাহ সেতু, বাহাদুরপুর শ্মশান, মধুগ্রাম, কনেজপুর, ডাকাতিয়া সেতু ও খয়েরতলা—এই সাতটি অংশে সাত কিলোমিটার নদ দখল করে বাঁশের বেড়া দিয়ে মাছের চাষ করা হচ্ছে৷ নদে না নামার জন্য জনসাধারণকে সতর্ক করতে লাল নিশান টাঙানো হয়েছে৷ দেখাশোনার জন্য নদের মধ্যে কয়েকটি টংঘরও নির্মাণ করা হয়েছে৷ পাহারা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে রাখা হয়েছে ছোট ছোট কয়েকটি ডিঙি (ছোট নৌকা)৷
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস খানেক আগে পাগলাদাহ থেকে বাহাদুরপুর শ্মশান পর্যন্ত এক কিলোমিটার অংশ নতুন করে দখল করা হয়েছে৷ সেখানে বাঁশের বেড়া দিয়ে মাছের পোনা ছাড়া হয়েছে৷ এ কারণে জেলেরাসহ নদের তীরবর্তী ছয়টি গ্রামের বাসিন্দাদের মাছ ধরতে নদে নামতে দেওয়া হচ্ছে না৷ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ওই এক কিলোমিটার দখল করে মাছের চাষ করছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান৷ গ্রামবাসী এর প্রতিবাদে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের কাছে একটি চিঠি দিয়েছেন৷
রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তো শুধু একটা অংশে পাটা দিয়েছি৷ এ রকম অন্তত ছয়টি অংশে পাটা দিয়ে মাছের চাষ করা হচ্ছে৷ যে অংশ যে গ্রামের মধ্যে পড়েছে, সেই অংশ সেই গ্রামের লোকজন করে খাচ্ছে৷’
শাহিন চাকলাদার বলেন, ‘নদের তীরবর্তী গ্রামবাসীর কোনো আবেদন আমি পাইনি৷ গ্রামের লোকজন তাঁদের সমস্যার কথা জানালে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’
এত দিনেও অবৈধ বেড়া উচ্ছেদ না করার ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এগিয়ে এলে নদের সব বেড়া উচ্ছেদ করা হবে৷
পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ভৈরব নদের অবৈধ বেড়া উচ্ছেদের দায়িত্ব জেলা প্রশাসনের৷ তার পরও জনপ্রতিনিধিদের কেউ আবেদন করলে তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷