বাঁশের বেড়ার অবৈধ দুটি ঘের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাগেশ্বরী নদী থেকে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার অবৈধ ঘের তুলে দিতে গতকাল উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় শামুকজানি ও পুণ্ডুরিয়া এলাকা থেকে দুটি ঘের উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রভাবশালীরা কাগেশ্বরী নদীর সাতটি স্থানে বাঁশের বেড়া দিয়ে ঘের নির্মাণ করে পানি আটকে সুতিজাল দিয়ে মাছ শিকার করছিলেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘেরগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও সাঁথিয়া থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে। বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযানে শামুকজানি ও পুণ্ডুরিয়া এলাকা থেকে দুটি বাঁশের বেড়া ও সুতি জালের বিভিন্ন সামগ্রী আংশিক অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে ঘেরের মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান। তাঁদের কাউকে ধরা সম্ভব হয়নি।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, পানির প্রবাহ বাধাগ্রস্ত করে বাঁশের বেড়া দিয়ে ঘের নির্মাণ করা অবৈধ। নদীতে অন্যান্য ঘের অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। অপসারণ না করা হলে সেগুলোর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাগেশ্বরী নদীতে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ ধরা নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।