বাঁশের মাচা বেয়ে উঠতে হয় সেতুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশের দীর্ঘ মাচা বেয়ে উঠতে হয় মূল সেতুতে। ছবিটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের কালী নদী থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
বাঁশের দীর্ঘ মাচা বেয়ে উঠতে হয় মূল সেতুতে। ছবিটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের কালী নদী থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

কালী নদীর প্রস্থ প্রায় ৪০০ ফুট। এই নদীর মাঝখানে ছোট্ট একটি সেতু। তার দৈর্ঘ্য মাত্র ৩৫ ফুট। তবে সেতুর দুই পাশে নেই সংযোগ সড়ক। আছে বাঁশের মাচা; যার পশ্চিম দিকে দীর্ঘ ১৮০ ফুট আর পূর্ব দিকে ৩৫ ফুট। দুই প্রান্ত থেকে উঁচু হয়ে বাঁশের মাচা মিলেছে সেতুর দুই দিকে। সেতু হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। কেননা, বাঁশের মাচা বেয়ে সেতুতে শুধু হেঁটেই যাওয়া যায়। কোনো যানবাহন যেতে পারে না। বাইসাইকেল কষ্ট করে পার করতে পারে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকায় কালী নদীর ওপর এই সেতু। সম্প্রতি দুই দিন ওই সেতুর কাছে গিয়ে আশপাশে বসবাসরত মানুষের সঙ্গে কথা হয়। সেতুর পশ্চিম প্রান্তের ঘাটে গোসল করছিলেন কয়েকজন নারী-পুরুষ। তাঁদের মধ্যে সোহেল রানা নামের এক ব্যক্তি বললেন, ‘এক নদীতে তিন ব্রিজ (সেতু) কতি (বলতে) ভালুই (ভালো) লাহে (লাগে)।’ ডাঙায় দাঁড়িয়েছিলেন সোহেলের চাচি নাজমা খাতুন। তিনি একটু মুচকি হাসলেন। বললেন, ‘সেতু হয়েছে, কিন্তু জনগণের সুফল হচ্ছে না। বরং দুর্ভোগ আরও বেড়েছে। বড় সেতু হলি (হলে) পরে ভালো হতো।’

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বড় গ্রাম শালঘর মধুয়াকে কালী নদী বিভক্ত করেছে। নদীর পশ্চিম ও পূর্ব উভয় পাশেই শালঘর মধুয়া গ্রাম। তবে পূর্ব পাশে নদীর পাড়েই বাগুলাট ইউনিয়ন পরিষদ ভবন। আছে স্থানীয় একটি বাজার। ওই প্রান্তে আছে ভড়ুয়াপাড়া, নিতাইপাড়া, নাতুড়িয়া, চরপাড়া ও মধুপুর গ্রাম। এসব গ্রামের মানুষ এই সেতু দিয়ে পার হয়ে কুষ্টিয়া শহরে যায়। সেতু তৈরির আগে সেখানে নৌকা ছিল। তবে সেতু হওয়ার পর যানবাহন যেতে না পারায় তাদের আরও পাঁচ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।

ষাটোর্ধ্ব গোলাম হোসেন জানালেন, দুর্ভোগ লাঘবের জন্য প্রায় চার বছর আগে সেখানে নদীর মাঝখানে ৩৫ ফুটের একটি সেতু করা হয়। সে সময় সেতুর দুই প্রান্তে বালু ও মাটি দিয়ে সড়ক করা হয়। তবে পানিতে সেই সড়ক ভেঙে ধুয়ে মিশে যায়। এরপর থেকে সেতু মাঝখানে রয়ে যায়। তখন দুই দিকে বাঁশের মই দিয়ে সতুতে ওঠা লাগত। সেটা খুব কষ্টের ব্যাপার। এখানে বড় সেতু না হলে সুবিধা হবে না।

এলাকাবাসী সূত্র জানায়, এক মাস আগে স্থানীয় কয়েকজনের উদ্যোগে ও গ্রামবাসীর সহায়তায় সেতুর দুই প্রান্তে বাঁশের দীর্ঘ মাচা তৈরি করা হয়েছে। এখন সেটার ওপর দিয়ে মানুষ চলাচল করছে।

সরেজমিনে দেখা গেল, সেতুর পশ্চিম দিকে এক পাশের দেয়াল ধসে গেছে। সেতুর কোথাও কোনো কিছু লেখা নেই। কোনো সাইনবোর্ড বা নামফলকও পাওয়া যায়নি। ছোট ছোট ছেলেমেয়ে ঝুঁকি নিয়ে বাঁশের মাচা পার হয়ে সেতু পার হচ্ছে। কয়েকজন মধ্যবয়সী ব্যক্তি পার হচ্ছিলেন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন খান জানান, মজবুত সংযোগ সড়ক নির্মাণ করা হলে ইউপির সঙ্গে গ্রামের মানুষের সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। মানুষের দুর্ভোগ অনেক কমে আসবে।