‘ভাই, পরানডা আতে নিয়া যহন বিরিজের উপর দিয়্যা য্যাই, তহন মনয় এই বুজি নীচে পইর্যা গেলাম। জানডা বুঝি আর আতে থাকে না।’কথাগুলো বাসচালক শহিদুর রহমানের। তিনি টাঙ্গাইল-সখীপুর সড়কে বাস চালান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পুরাতন সড়কের ঝুঁকিপূর্ণ বারখালী সেতু (লৌহজং) প্রসঙ্গে তিনি কথাগুলো বলেন।এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৬০ বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নির্মাণের সময় এই সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে যমুনা সেতু চালু হলে এই সড়কে যানবাহন চলাচল বেড়ে যায়। মির্জাপুর বাইপাস সড়ক নির্মাণের আগে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত। ২০০০ সালে বাইপাস সড়ক চালু হওয়ার পর মাঝেমধ্যে বাইপাসে সড়ক দুর্ঘটনা ঘটতে থাকে। এ কারণে বিকল্প পথ হিসেবে গাড়িচালকেরা এই সেতুটি ব্যবহার করে আসছেন। তা ছাড়া টাঙ্গাইল-গাজীপুর সড়কে চলাচলকারী সব বাস, মাইক্রোবাস, টেম্পো, অটোরিকশা, মির্জাপুর বাজারের পণ্যবাহী ট্রাক এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রবেশের একমাত্র রাস্তা হিসেবেও সেতুটি ব্যবহার করা হচ্ছে।মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগীয় কার্যালয় সূত্র জানায়, স্বাধীনতাযুদ্ধের সময় হানাদারদের হটাতে মুক্তিযোদ্ধারা সেতুটির দুই পাশে বোমা নিক্ষেপ করেন। এতে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ-পরবর্তী ক্ষতিগ্রস্ত অংশের নিচে লোহার জয়েন্ট দিয়ে বিম তৈরি করে ঢালাই দেওয়া হয়। তা ছাড়া মূল সড়ক থেকে প্রায় ১৬ ফুট উঁচু এ সেতুটি সংস্কারের পর একাধিকবার সিসি ঢালাই করা হয়েছে। বর্তমানে এটির রেলিং ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তাই সরু এ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সেতুটি এতই ঝুঁকিপূর্ণ যে একটি বাস সেতু দিয়ে পার হওয়ার সময় একজন লোক এটির ওপর দিয়ে হেঁটে যেতে পারেন না।’মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের প্রকৌশলী আবদুর রশিদ বলেন, এখানে নিচু ও চওড়া একটি সেতু দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।