বাঁশের সাঁকোতে ঝুঁকিতে চলাচল
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় বুড়াইল নদের ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কিন্তু সেতু আর নির্মাণ হয় না। এ কারণে ওই নদের ওপর বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানা গেছে, ভাংনী ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় বুড়াইল নদের উত্তর দিকে কাশিনাথপুর ও জগদানন্দপুর গ্রাম। এই দুই গ্রামে আনুমানিক ৪০০ পরিবারের বাস। লোকসংখ্যা আনুমানিক তিন হাজার। এই গ্রাম দুটির লোকজনের হাটবাজারসহ সব ধরনের কর্মকাণ্ড করতে হয় নদের অপর প্রান্ত দক্ষিণ দিকে। এসব লোক এই বাঁশের সাঁকো দিয়ে খুব কম সময়ে নদ পার হয়ে আধা কিলোমিটার দূরে হুলাসুগঞ্জ হাটসহ উপজেলা সদর ও জেলা শহরে যান। আর তা না হলে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে বুড়াইল সেতুর ওপর দিয়ে বিভিন্ন এলাকায় যেতে হয়।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, কাশিনাথপুর ও জগদানন্দপুরবাসী মানুষের চলাচলের জন্য বুড়াইল নদের ওপর বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রায় ১৫ ফুট পরপর একটি করে বাঁশের খুঁটি নদের সাতটি স্থানে বসানো হয়। বাঁশের ওপর দিয়ে হাঁটার সময় ওপরে ধরার জন্য আড়াআড়ি বাঁশ লাগানো হয়েছে। মোটকথা, একটি বাঁশের ওপর ভর করে ও আরেকটি বাঁশ হাত দিয়ে ধরে ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে শিশু, নারী-পুরুষ। সাঁকো দিয়ে বাইসাইকেল কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়। নদের প্রস্থ প্রায় ১০০ ফুট। তবে বর্ষাকালে নদের প্রস্থ বেড়ে যায়। সে সময় বাঁশের সাঁকোও বড় হয় বলে গ্রামবাসী জানায়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বাঁশের ওপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে নদের মধ্যে পড়ে যান। পানি কম থাকায় লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। এভাবে বিভিন্ন সময় চলাচল করতে গিয়ে অনেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে।
কাশিনাথপুর গ্রামের শিক্ষক রোকনুজ্জামান বলেন, ‘এর আগে অনেকবার ইউপি চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছি নদের ওপর সেতু তৈরি করার জন্য। কিন্তু শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। এবার নতুন চেয়ারম্যানকেও এই একই দাবি জানানো হয়েছে।’
একই এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিন ইসলাম বলে, ‘হুলাসুগঞ্জ উচ্চবিদ্যালয়ে যেতে এই বাঁশের ওপর দিয়েই যাওয়া-আসার একমাত্র পথ। পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে। পা টিপে টিপে একটা বাঁশের ওপর দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করি।’
জগদানন্দপুর গ্রামের ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘সওদাপাতি (মালামাল) নিয়া যাওয়া যায় না। অটোরিকশা ভাড়া করিয়া অনেক দূরের পথ ঘুরিয়া যাওয়া লাগে।’
ভাংনী ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘নতুন চেয়ারম্যান হয়েছি। দুই গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’