বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে পচানালার ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় লোকজন এর (সেতু) ওপর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা হাজি রফিকুল ইসলাম বলেন, সৈয়দপুরের আশপাশের এলাকা ছাড়াও পার্বতীপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ এলাকার লোকজন সহজ পথে শহরে আসার জন্য এই পথটি ব্যবহার করে থাকেন। এ ছাড়া এ পথে রংপুর ও আশপাশের যাত্রীরা যানজট ছাড়াই খুব সহজে বিমানবন্দরে পৌঁছাতে পারেন। গত ১ জুলাই একটি বালুবোঝাই ট্রাক সেতুটি পারাপারের সময় ভেঙে পড়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সাবধান! ব্রিজ ভাঙা, চলাচল বন্ধ এই সাইনবোর্ড লাগিয়ে দিয়েই পৌরসভা দায়িত্ব সেরেছে। তাই পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে স্থানীয় ব্যক্তিরা সেখানে ওই বাঁশের সাঁকোটি তৈরি করেন। পৌরসভা, নাকি পানি উন্নয়ন বোর্ড (পাউবো), না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বা স্কুল কর্তৃপক্ষ কে সেতুটি নির্মাণ করবে, এ নিয়ে চিঠি চালাচালি হয়েছে অনেক। অবশেষে সেতুটি নির্মাণের দায়িত্ব নিয়েছে পাউবো।
সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ বলেন, চলতি অর্থবছরেই এই সেতুটি নির্মাণে পরিকল্পনা নেওয়া হয়েছে।