বাঁশের সাঁকোই ভরসা চার গ্রামের মানুষের

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে চার গ্রামের হাজারো মানুষের একমাত্র চলাচলের পথ হলো একটি বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে জনগণ চলাচল করে আসছে বছরের পর বছর।
স্থানীয় সাংসদের পক্ষ থেকে সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের কোনো পদক্ষেপই নেই বলে ভুক্তভোগী মানুষের অভিযোগ।
জানা গেছে, রংপুরের হারাগাছের বকুলতলা এলাকায় মরা তিস্তা নদীর ওপর স্থানীয় জনগণ নিজ উদ্যোগে ১৪ বছর আগে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। প্রতিবছর এই সাঁকোটি তাঁরা নিজ উদ্যোগে সংস্কারও করে আসছেন। সেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কোনোরকমে চলাচল করা গেলেও জনগণের দুর্ভোগ কমছে না।
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ, খলাইঘাট, হরিণচড়া ও পল্লীমারী—এই চার গ্রামের প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এসব মানুষের প্রতিদিন বাজারঘাটসহ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজের জন্য খানসামা বাজারে যেতে মরা তিস্তা পার হতে হয়। স্থানীয় ভাষায় এটিকে বুড়ি তিস্তাও বলা হয়। স্থানীয় জনগণ নিজ উদ্যোগে তাঁদের যাতায়াতের জন্য নির্মাণ করেছেন একটি বাঁশের সাঁকো। যার দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট ও প্রস্থ ৪ ফুট।
নাজিরদহ গ্রামের সাবেক শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে কিন্তু তা বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। হরিণচড়া গ্রামের কৃষক আবু আলম বলেন, ‘গ্রামের মানুষজনের কত কষ্ট তা তো দেইকপারে পাইতোছেন।’ খলাইঘাটের ব্যবসায়ী বাসেত আলী বলেন, যানবাহন না চলায় মালামাল নিয়ে যাওয়া-আসায় খুব কষ্ট হয়।
হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, চার গ্রামের মানুষজনের চলাচলের কোনো পথ না থাকায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে এই সাঁকোটি তৈরি করেছেন। এখানে একটি সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো তার উদ্যোগ নেওয়া হয়নি।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণের জন্য অনেক চেষ্টা করে চলেছি। কিন্তু কেন যে হচ্ছে না তা আজও বুঝতে পারলাম না।’
স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, ‘আমি চেষ্টা করছি। তবে তহবিল না থাকায় এই কাজ করা সম্ভব হয়নি। এর পরেও চেষ্টা করছি।’