বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের কেল্লাতাজপুর গ্রামে সুরিয়া নদীর ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে উপজেলার ১০টি গ্রামের মানুষ চলাচল করছে। শুকনা মৌসুমে নদীতে পানি কম থাকলেও কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বাড়ায় এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সুরিয়া নদীর এক পারে কেল্লাতাজপুর গ্রাম, অপর পারে ভুটিয়ারকোনা গ্রাম। দুই পাড়ের সংযোগস্থলে কোনো সেতু না থাকায় কেল্লাতাজপুর, ভুটিয়ারকোনা, সিংড়াউন্দ, ধারাকান্দি, খলদবাড়ি, পালোহাটি, কামারহাটি, আলমপুর, কড়েহা, তাতিরপায়া গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা ওই বাঁশের সাঁকো।
নদীর দক্ষিণ পারে রয়েছে ভুটিয়ারকোনা বাজার, মাওহা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র, ভুটিয়ারকোনা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ভুটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ভুটিয়ারকোনা বাজারে রয়েছে একটি কোচিং সেন্টার। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে সুরিয়া নদী পার হয়ে পড়তে যায়। ছোট ছোট শিক্ষার্থীদের তাদের অভিভাবকেরা সাঁকো পার করে দেন এবং ছুটির পর আবার নিয়ে আসেন। এ ছাড়া সুরিয়া নদীর দুই পারের ওই সব গ্রামের বাসিন্দারা প্রতিদিনের কাজে বাঁশের সাঁকো দিয়েই চলাচল করেন। এ ছাড়া শুক্রবার ভুটিয়ারকোনায় হাট বসে। ওই দিন সাঁকো দিয়ে কয়েক হাজার লোক পারাপার হয়। সেতু না থাকায় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে আনতে ভোগান্তির শিকার হচ্ছেন।
কেল্লাতাজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আবদুল্লাহ জানান, প্রাপ্তবয়স্করা ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও ছোট শিশুরা স্কুলে যাওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন থাকেন।
মাওহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘বর্ষার শুরুতেই নদীতে পানি বাড়ায় সাঁকোর দৈর্ঘ্য বাড়াতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়ে ওই সাঁকোটি বাড়িয়েছি।’
উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম জানান, আনুমানিক ২৫ দিন আগে ওই এলাকায় ৬৫ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।