বাংলা, ব্যবস্থাপনা ও গণিতের শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নামেই সরকারি কলেজ। সুযোগ-সুবিধার দিক থেকে অনেক বেসরকারি কলেজের চেয়েও পিছিয়ে। এখানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও শ্রেণীকক্ষ নেই। নেই শিক্ষক ও ছাত্রদের আবাসনসুবিধা। এত সমস্যা থাকার পরও চলতি অর্থবছরে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি পর্যাপ্ত শিক্ষক। এ ছাড়া এখানে বাংলা, ব্যবস্থাপনা ও গণিত বিষয়ে কোনো শিক্ষক নেই। এতে এ কলেজে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কলেজটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। নাম কাজীপুর মনসুর আলী সরকারি কলেজ।কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার মেঘাই এলাকায় ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়; আর সরকারীকরণ করা হয় ১৯৮৮ সালে। শুরুতে দুটি বড় পাকা ভবন ও চারটি টিনশেড ভবনের ৩৫টি কক্ষে পাঠদান শুরু হয়। তখন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আরেকটি টিনশেড ভবন নির্মাণ করা হয়েছিল। ২০০৬ সালে ঝড়ে টিনশেড ভবনের দেয়াল ভেঙে পড়ে এবং চালের টিনগুলো উড়ে যায়। এরপর এগুলো আর মেরামত করা হয়নি। এ কারণে শ্রেণীকক্ষের সংকট এখন প্রকট আকার ধারণ করেছে।কলেজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রির বিভিন্ন বর্ষে ১৭০ জন শিক্ষার্থী আছেন। এখানে মোট ১৩টি বিষয়ে ৩৮ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ১৬ জন। ১৭ জন কর্মচারীর পদের বিপরীতে আছেন ছয়জন। বাংলা, ব্যবস্থাপনা ও গণিত বিষয়ে তিনজন করে শিক্ষক থাকার কথা থাকলেও নেই একজনও। পদার্থ বিজ্ঞানের প্রদর্শক ও কম্পিউটার বিষয়ের কোনো শিক্ষক নেই। নেই প্রশাসনিক ভবন। পুরোনো ও জীর্ণ টিনশেড ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাঠদান করা হচ্ছে দুটি পাকা ভবনের ১৫টি শ্রেণীকক্ষে।কলেজ সূত্রে আরও জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষে এখানে প্রাণিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ব্যবস্থাপনা—এই চারটি বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়। প্রাণিবিদ্যা বিভাগে দুজন শিক্ষক থাকলেও এবার একজন ছাত্রও পাওয়া যায়নি। অপর তিনটি বিভাগে ৫০ জন করে মোট দেড় শ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে একজন শিক্ষকও নেই। আর ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনজন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন করে।কয়েকজন ছাত্র জানান, অন্যান্য ভালো কলেজে অনার্স কোর্সে ভর্তির সুযোগ না পেয়ে অনেকেই এখানে ভর্তি হয়েছেন। কিন্তু এখন শিক্ষকসংকটের কারণে উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান বলেন, ‘বর্তমানে যেসব বিভাগে শিক্ষক নেই সেসব বিভাগের ক্লাসগুলো চালিয়ে নেওয়া হচ্ছে দুজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে। নতুন করে শিক্ষক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি।’