বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞানের শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক নেই রাজবাড়ীর গোয়ালন্দ নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে। এক যুগ ধরে নেই প্রধান শিক্ষক। ১৩ জন শিক্ষকের মধ্যে পাঁচজন সহকারী শিক্ষক রয়েছেন। কয়েকজন তরুণ দিয়ে সাময়িক ক্লাস নেওয়া হচ্ছে।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৪৩ সালে স্থাপিত হওয়া এ বিদ্যালয় জাতীয়করণ হয় ১৯৮৫ সালে। প্রধান শিক্ষকসহ ১৩ জন শিক্ষক থাকার কথা থাকলেও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন জীববিজ্ঞান, একজন কৃষি, একজন ইসলাম শিক্ষা ও একজন ক্রীড়া শিক্ষক রয়েছেন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫২৩।২০০০ সালের ২০ জুলাই থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুজন করে ইংরেজি ও গণিতের শিক্ষক থাকার কথা থাকলেও ২০১০ সাল থেকে ইংরেজি ও ২০১১ সালের জুলাই থেকে গণিতের শিক্ষক নেই। ২০০৭ থেকে বাংলা ও সামাজিক বিজ্ঞান এবং ১৯৯৫ সাল থেকে ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই। শিক্ষকসংকটের কারণে দুই বছর আগে শিক্ষার্থীরা আন্দোলন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়, কিন্তু সমাধান হয়নি। এক বছর ধরে স্থানীয় পাঁচজন তরুণ নিয়ে ক্লাস শুরু করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা নিয়ে তাঁদের বেতন দেওয়া হয়।বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী কাজী ওসমান হারুনী বলে, ‘শুধু সনদের জন্য এখানে আছি। পড়াশোনার কোনো পরিবেশ নেই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে ৬৯ জন, কিন্তু কোনো দিন বিজ্ঞান ক্লাস হয়নি। একটি বিজ্ঞানাগার থাকলেও তার চেহারা দেখিনি।’অভিযোগ উঠেছে, কোনো শিক্ষক বদলি হয়ে এখানে এলে কিছু শিক্ষকের অসদাচরণের কারণে চলে যেতে বাধ্য হন। ইংরেজি ও গণিতের গত বছর সপ্তাহে দু-একটি ক্লাস হলেও বাংলা ও বিজ্ঞানের কোনো ক্লাস হয়নি। বাধ্য হয়ে সারা বছর প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভর করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষকস্বল্পতা ও অনিয়মের ব্যাপারে অভিযোগ করলে কয়েকজন শিক্ষক টিসি দিয়ে বের করার ভয় দেখান। অভিভাবক কাজী হাবিবুর রহমান বলেন, ‘সরকার যেখানে কোচিং ও প্রাইভেট বন্ধে তৎপর, সেখানে এত বড় প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা কী করবে? আবার যাঁরা আসেন, নানা সমস্যার কারণে তাঁরা চলে যেতে বাধ্য হন। তাহলে আমার সন্তানদের কীভাবে এখানে রেখে মানুষ করব? বাধ্য হয়ে ছেলেকে ৩৫ হাজার টাকা খরচ করে তিন মাসের জন্য ফরিদপুরের একটি কোচিং সেন্টারে রেখেছিলাম। এখানকার অব্যবস্থাপনা ও শিক্ষকস্বল্পতার বিষয়টি কি কারও দেখার নেই?’ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায় বলেন, ‘শিক্ষকস্বল্পতার কারণে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। বিষয়টি আমরা অনেকবার শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছি। সর্বশেষ গত বছরের ১৮ জুন শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে লিখিতভাবে জানিয়েছি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আকতার বলেন, ‘শিক্ষকস্বল্পতার বিষয়টি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং শিক্ষা ও মাধ্যমিক উচ্চশিক্ষা ঢাকা অঞ্চলের মহাপরিচালকের কাছে জানানো হয়েছে। সেখান থেকে শিক্ষক না দিলে আমাদের কী করার আছে। কিছু অনিয়মের ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ রয়েছে। সেখান থেকে তাঁরাই তদন্ত করে দেখবেন।’জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সমস্যাসংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তবে অভিযোগটি ভালোভাবে না দেখে এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’