বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১১ জন
একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার আগেই এবার ঘোষণা করা হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ষোষণার বিষয়ে একটা অলিখিত রীতি চলে আসছিল দীর্ঘদিন ধরে। গ্রন্থমেলা চলাকালে পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হতো। ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেওয়া হতো পুরস্কার। এবার এ রীতি ভেঙে গতকাল বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়।
গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে ২০১৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। একাডেমির নতুন ভবনের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাহিত্যের নয়টি বিভাগে পুরস্কারের জন্য ১১ জনের নাম ঘোষণা করা হয়।
২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন কবিতায় হেলাল হাফিজ, প্রবন্ধে মফিদুল হক, কথাসাহিত্যে পূরবী বসু, গবেষণায় জামিল চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদে কায়সার হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুন হাবীব, আত্মজীবনী/স্মৃতিকথা/ ভ্রমণকাহিনি বিভাগে মাহফুজুর রহমান, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শহিদুল ইসলাম এবং শিশুসাহিত্যে কাইজার চৌধুরী ও আসলাম সানী। এ বছর নাটক বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালই অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পাওয়া ব্যক্তিদের প্রত্যেকের হাতে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক, স্মারক ও সনদ তুলে দেবেন।
আগেভাগে পুরস্কার ঘোষণা প্রসঙ্গে শামসুজ্জামান খান বলেন, তিনটি বিষয় মাথায় রেখে মেলার আগেই পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন পুরস্কার পাওয়া ব্যক্তিরা, সেটা মর্যাদাপূর্ণ হবে। মেলাজুড়েই আলোচিত থাকবেন তাঁরা এবং তাঁদের বইও ভালো বিক্রি হবে।
১০ সদস্যের একটি বিশেষ কমিটি পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করেছে। কমিটিতে ছিলেন সৈয়দ শামসুল হক, দ্বিজেন শর্মা, জামিল চৌধুরী, আসাদ চৌধুরী, সুব্রত বড়ুয়া, সিদ্দিকা মাহমুদা, অনিরুদ্ধ কাহালি, মাহবুবা মশকুর, আজিজুল আলম ও একাডেমির সচিব আলতাফ হোসেন।