বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বাংলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হলো গতকাল বুধবার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
বিকেলে একাডেমি চত্বরে ছিল প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতার শিরোনাম ছিল ‘বাংলাদেশের সাহিত্যের কাছে প্রত্যাশা নিকট অতীতের আলোয়’। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা একাডেমির প্রতিষ্ঠার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন তাঁদের চিন্তা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। প্রকাশনা-গবেষণা ও লোকসংস্কৃতির ক্ষেত্রে একাডেমির অগ্রগতি সন্তোষজনক। তবে এই প্রতিষ্ঠানের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আরও অনেক বেশি। বিশেষ করে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বাংলা একাডেমি আরও বেশি ভূমিকা রাখতে পারে বলে তাদের যে প্রত্যাশা তা ন্যায্য।’
প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তা যতীন সরকার অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর লিখিত বক্তৃতা পাঠ করেন একাডেমির সহপরিচালক সায়েরা হাবীব। তাতে বলা হয়, আমাদের অতি সমৃদ্ধ নাগরিক সাহিত্যের সমান্তরালেই বাংলার বিস্তৃত জনপদে যে সাহিত্যের ধারা প্রবাহিত, গরিষ্ঠ সংখ্যক লোকসাধারণই সে সাহিত্যের স্রষ্টা ও ভোক্তা। সে সাহিত্য কোনোমতেই পশ্চাৎপদ ভাবধারার বাহক নয়, বরং নানা জাতের প্রতারক আধুনিকতার বিপরীতে সে সাহিত্য চিরায়ত আধুনিকতার ধারক। সেকালের লালন ফকির থেকে শুরু করে একালের শাহ আবদুল করিম পর্যন্ত সকলের সৃষ্টির পর্যালোচনাতেই এ বিষয়টি স্পষ্ট ধরা পড়বে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক আলতাফ হোসেন। তিনি বলেন, ‘বাংলা একাডেমি বাংলাদেশের মানুষের প্রাণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের রয়েছে এক গৌরবজনক ইতিহাস। একাডেমির আসন্ন ৬০ বছর পূর্তিতে আমরা এই জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি গবেষণার এক অতুলনীয় বাতিঘর হিসেবে গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি কাজী এবাদুল হক, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, বিজ্ঞানী আলী আসগর, কবি ও সাংসদ কাজী রোজী, নারীনেত্রী সেলিনা খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম ভুঁইয়া, কথাসাহিত্যিক মাহবুব তালুকদার, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান প্রমুখ।
আলোচনার পরে সন্ধ্যায় ছিল গানের অনুষ্ঠান। শ্রোতাদের গান গেয়ে শুনিয়েছেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, আবদুল হালিম খান, শাহীনা আক্তার এবং তানজিনা হোসেন।