বাংলা একাডেমিতে সংরক্ষিত দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা এক লাখ পৃষ্ঠা ইন্টারনেটে পড়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: প্রথম আলো
আজ মঙ্গলবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: প্রথম আলো

‘সবার জন্য জ্ঞান’—এই লক্ষ্য সামনে রেখে আজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে ‘বাংলা একাডেমি গ্রন্থাগার—অনলাইন’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ওয়েবসাইট ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন। 

বাংলা একাডেমি গ্রন্থাগারে সংরক্ষিত লক্ষাধিক দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা এক লাখ পৃষ্ঠা সরাসরি ইন্টারনেটে পড়ার সুযোগ করে দেওয়াই এই অনলাইন উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য।
এই কার্যক্রম উদ্বোধনের আগে বাংলা একাডেমিতে আয়োজিত বাংলা ভাষা অঞ্চলের জন্য বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে নিউ-ব্রাহ্মী জেনারেশন প্যানেলের সঙ্গে বাংলাদেশের গবেষকদের দিনব্যাপী এক পারস্পরিক মতবিনিময় সভায় বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের বাঙালি বুকের রক্ত দিয়েছে। বাংলা ভাষার চর্চা ও বিকাশেও এ দেশের মানুষের অবদানই সবচেয়ে বেশি। মুনীর অপটিমার মাধ্যমে শহীদ মুনীর চৌধুরী বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। বর্তমানে বাংলা লিপির উন্নয়নে কাজ করতে গেলে এই পটভূমিকে স্মরণে রাখতে হবে।

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, ইউনিকোড কনসোর্টিয়াম বাংলা লিপি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের মতামতকে অনেক ক্ষেত্রেই গৌণভাবে দেখেছে। ফলে প্রযুক্তিগত ক্ষেত্রে অক্ষর ব্যবহারে আমরা সমস্যার সম্মুখীন হই। অনেক ক্ষেত্রেই বাংলা ভাষাকে দেবনাগরীর মতো করে দেখা হয়েছে। বাংলা যে স্বতন্ত্র ভাষা এবং তার লিপির ব্যবহারও যে স্বতন্ত্র, সেটি মনে রাখতে হবে। বাংলাদেশের ভাষাবিজ্ঞানীসহ সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতকে বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে বিবেচনায় রাখতে হবে।’ তিনি বলেন, বর্তমান সরকার বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহারকে যুগোপযোগী এবং সহজসাধ্য করতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।


সভায় স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক উদয় নারায়ণ সিংহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, মনিরুজ্জামান, অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক সৈয়দ শাহরিয়ার রহমান, সমীরণ গুপ্ত, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, অধ্যাপক আতিউর রহমান খান, স্বরোচিষ সরকার, সুভাষ সিংহ রায়, গবেষক রাজীব চক্রবর্তী এবং থাইল্যান্ডের পিটিনান কুয়ারমর্নপাতানাসহ বিষয়-সংশ্লিষ্ট গবেষকেরা।

স্বাগত বক্তব্যে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘বাংলা একাডেমি বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়ন ও প্রকাশ একাডেমির যুগান্তকারী কাজ বলে দুই বাংলাতেই স্বীকৃতি পেয়েছে। আমরা প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সহজ ও যথাযথ করতে এ আয়োজন করেছি।’

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এই কর্মশালা ইউনিকোড বাংলা লিপি উন্নয়ন এবং সার্বিকভাবে বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহারে আধুনিকায়ন ঘটাতে সহায়তা করবে।

কর্মশালার ধারণাপত্র উপস্থাপন করেন নিউ-ব্রাহ্মী জেনারেশন প্যানেলের কো-চেয়ার সমীরণ গুপ্ত।

বাংলা একাডেমি গ্রন্থাগার—অনলাইন
এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org.bd এই ওয়েব ঠিকানায় ক্লিক করে সরাসরি ই-বুক পড়া ও ডাউনলোড করা যাবে। এই ওয়েবসাইটটি ডিজাইন করেছেন প্রিন্স আহমেদ। সপ্তাহ খানেকের মধ্যে এক লাখ পৃষ্ঠা আপলোড করা হবে। ৮০ হাজার পৃষ্ঠা এরই মধ্যে স্ক্যান করা হয়েছে। এই স্ক্যান ম্যাটার ই-বুক ফরম্যাটে প্রতিদিনই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
এই অটোমেশনের কাজে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন মো. মুবাশ্বির আহসান। এ কাজে কারিগরি সহায়তা করছে ‘অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।’