বাংলা একাডেমীতে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা
বাংলা একাডেমী গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা ও শিশু-কিশোরদের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। বিকেলে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী শীর্ষক গ্রন্থ বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটি ব্যতিক্রমী বই। অসামান্য হূদয়বত্তার বহিঃপ্রকাশ ঘটেছে এই বইয়ে। শুধু রাজনৈতিক ঘটনাপ্রবাহ বা বিখ্যাত ব্যক্তিবর্গ নয়, সাধারণ মানুষের কথাও সমগুরুত্বে এ বইয়ে স্থান পেয়েছে। ড. আকবর আলি খান বলেন, এটি শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, অসমাপ্ত জীবনের কথামালাও বটে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আজ দেশ থেকে নির্বাসিত। মানুষকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে না পারলে বঙ্গবন্ধুকে স্মরণ করার কোনো তাৎপর্য নেই।প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, আজন্ম সংগ্রামী মানুষটির অবয়ব এ বইটি পাঠের মধ্য দিয়ে স্পষ্ট হবে।স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান জানান, খুব শিগগির বঙ্গবন্ধুর ডায়েরি, ভ্রমণকাহিনি এবং আরও কিছু অপ্রকাশিত রচনা পুস্তকাকারে প্রকাশিত হবে। অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ এ আরাফাত প্রমুখ বক্তব্য দেন।এর আগে সকালে একাডেমীর সেমিনার কক্ষে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক শিশু-কিশোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।