বাংলা একাডেমীতে বৈশাখী মেলা
বাংলা একাডেমীর নজরুল মঞ্চে শনিবার উদীচী শিল্পীগোষ্ঠীর সমবেত সংগীতের আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় একাডেমীর বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতা দেন নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।নববর্ষের এই অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমী ফেলোশিপ-২০১২’ দেওয়া হয়। ফেলোরা হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট সুলতানা কামাল, শিল্পী মুস্তাফা মনোয়ার, কবি শেখ হাফিজুর রহমান, ভাষা-সংগ্রামী তোফাজ্জল হোসেন, কমান্ডার (অব.) আবদুর রউফ, নূরুল ইসলাম, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি, মীজানুর রহমান শেলী ও খোন্দকার ইব্রাহিম খালেদ। তাঁদের হাতে ফুল, ক্রেস্ট ও সনদ তুলে দেন একাডেমীর সভাপতি আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান।দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবু জাফর সিদ্দিকী। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াকুব আলী খান, ফাহিম হোসেন চৌধুরী, মকবুল হোসেন, শারমিন সাথী ইসলাম, স্বর্ণময়ী মণ্ডল, মাহবুব আরা, বেণু চক্রবর্তী প্রমুখ। বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পী সংস্থা (বিসিক) এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। নববর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী বাংলা একাডেমীর বইয়ের আড়ং উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আড়ংয়ে শতকরা ৩৫-৬০ ভাগ ছাড়ে একাডেমীর বই বিক্রি হবে।