বাংলা ও ইংরেজি সংস্করণের প্রশ্নে গরমিলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ইংরেজি সংস্করণের (ইংলিশ ভার্সন) প্রশ্নপত্রের সৃজনশীল অংশে কিছু ভুলের অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। মূলত বাংলা প্রশ্নপত্রের সঙ্গে ইংরেজি সংস্করণে কিছু গরমিল ছিল।
গত সোমবার ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে গতকাল পর্যন্ত একাধিক অভিভাবক ও পরীক্ষার্থী প্রথম আলোকে ফোনে এই অভিযোগ করেন। চট্টগ্রাম বোর্ডে ইংরেজি সংস্করণের সৃজনশীল প্রশ্নের দুই, তিন, আট ও নয় নম্বর প্রশ্নে নামের গরমিল রয়েছে। প্রায় একই ধরনের ভুল ঢাকা বোর্ডেও। নিয়ম অনুযায়ী বাংলা প্রশ্ন হুবহু ইংরেজিতে অনুবাদ করে ইংরেজি সংস্করণে দেওয়ার কথা। কোনো পরিবর্তন হওয়ার কথা নয়।
ঢাকা বোর্ডের অধীন ইংরেজি সংস্করণের একজন পরীক্ষার্থী প্রথম আলোকে বলে, একটি প্রশ্নে আছে আকবর। আর উদ্দীপকে আছে আকরাম। অথচ বাংলায় উদ্দীপকে আছে আকবর। এ রকম আরও দু-একটি প্রশ্নে বাংলার সঙ্গে ইংরেজি সংস্করণে নামে গরমিল ছিল। এ জন্য সে কম নম্বর পাওয়ার আশঙ্কা করছে।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা বিবেচনা করা হবে।
আর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ বলেন, বিষয়টি দেখে বলবেন।