বাংলা কাঠঠোকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন চাঁদপাই এলাকার গাছপালায় ঘেরা একটি বাড়িতে পাখি দেখতে বের হয়েছি খুব সকালে। গত মার্চের কথা। পশুর নদের কাছেই গ্রামটি। আগের দিন বিকেলে এই বাড়িতে কয়েকটি বটগাছ দেখেছিলাম, তাতে ছিল পাকা বটফল। সকালে পাকা বটফল খেতে অনেক পাখি আসে বটগাছে। সুন্দরবনের কমলাবুক হরিয়াল পাখির দেখা পাব—এই আশা মনে ছিল।

সেদিন সকালে বের হয়ে শুরুতেই টিকেলের দামা, ধলাঘাড় মাছরাঙা ও বড় র‌্যাকেট ফিঙ্গের সঙ্গে দেখা হয়ে গেল। খেজুরের রস পান করতে কিছুক্ষণ পর পরই বড় ফিঙ্গে দুটি আসা-যাওয়া করছে। তারপর একে একে ঝুঁটি শালিক, বন ছাতারে, বুলবুলি, খয়রালেজ কাঠশালিক এসে খেজুরের রস পান করল। বটতলে গিয়ে দেখি, সত্যিই কয়েকটি কমলাবুক হরিয়াল বটফল খাচ্ছে বটপাতার আড়ালে দেহটা লুকিয়ে রেখে। সঙ্গে আরও যোগ দিয়েছে সেকরা বসন্ত বা ছোট বসন্ত বাউরি। একটি পাতি হুদহুদ নীরবে গা লেপ্টে বসে ছিল বটের ডালে। ধীরে ধীরে বেলা বাড়তে লাগল। ততক্ষণে এক জোড়া বাংলা কাঠঠোকরা খেজুরের রসের খবর পেল। উড়ে এসে অনেকক্ষণ ধরে তাদের লম্বা ঠোঁট দিয়ে মিষ্টি রস পান করতে লাগল। রস পান করে আর পাখি দুটি এদিক-ওদিক তাকায়। প্রথমে উড়ে গেল ছেলে পাখিটি। এরপর তার পেছনে উড়াল দিল মেয়েটি। সেদিন বিকেলে পাখি দুটি আবারও এসেছিল। সাধারণত অনেক প্রজাতির পাখিরা খেজুরের রস খেয়ে নিজেদের তৃষ্ণা মেটায় এবং একই গাছে বারবার আসে।

বাংলা কাঠঠোকরা (Dinopium benghalense) আমাদের অতি চেনা পাখি। বন, বাগান, লোকালয়—সর্বত্র এরা বিচরণ করে। একাকী, জোড়ায় বা পারিবারিক দলে থাকে। তবে জোড়ায় থাকতেই বেশি লক্ষ করেছি। গাছের কাণ্ড ও ডালে হাতুড়ির মতো আঘাত করে অথবা মাটিতে ঝরাপাতা উল্টে এরা খাবার সংগ্রহ করে। খাদ্যতালিকায় রয়েছে পিঁপড়া, শুঁয়াপোকা, বিছা, মাকড়সা, অন্যান্য পোকামাকড় এবং খেজুরের ও ফুলের রস।

দেহের দৈর্ঘ্য ২৯ সেন্টিমিটার, ওজন ১০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ সোনালি-হলুদ। দেহতলে কালো আঁইশের মতো দাগ থাকে। ওড়ার পালক ও লেজ কালো, থুতনিতে কালো ডোরা থাকে। সাদা ঘাড়ের পাশে কালো দাগ, বুকে মোটা কালো আঁইশের দাগ থাকে। চোখে কালো ডোরা, ডানার গোড়ায় ও মধ্যে পালক ঢাকনিতে সাদা বা ফিকে ফুটকি এবং পিঠ ও ডানার অবশেষ সোনালি। সবুজ গোলকসহ এর চোখ লালচে-বাদামি। পা ও পায়ের পাতা ধূসর সবুজ। ঠোঁট শিং রং ও কালোর মিশ্রণ। ছেলে পাখির চাঁদি ও ঝুঁটি উজ্জ্বল লাল ও মেয়ে পাখির সাদা বিন্দুসহ চাঁদির সামনের অংশ কালো ও পেছনের ঝুঁটি লাল।

শক্ত পা এবং অনমনীয় লেজে ভর দিয়ে ছোট ছোট লাফ মেরে এরা গাছের কাণ্ড বেয়ে ওপরে ওঠে। দুলে দুলে ওড়ার সময় উচ্চ স্বরে ডাকে। কিয়ি কিয়ি কিয়ি কিয়ি কিয়িকিরইররর-র-র-র... শব্দে।

ফেব্রুয়ারি-জুলাই মাসে গাছের কাণ্ডে গর্ত খুঁড়ে বাসা বাঁধে ও ডিম পাড়ে। ডিমের রং সাদা। সংখ্যা তিনটি। ছেলে ও মেয়ে পাখি দুজনেই বাসার কাজ করে, ডিমে তা দেয়। বাসায় হামলা হলে ছানাগুলো সাপের মতো হিস হিস শব্দ করে।

বাংলা কাঠঠোকরা গাছের পোকামাকড় খেয়ে গাছকে পরিষ্কার রাখে। ঢাকা শহরে যেকোনো উদ্যানে, এমনকি গাছগাছালি আছে এমন বাড়িতেও দেখা যায় এবং কর্কশ ডাক শোনা যায়। রমনা পার্কে গিয়ে একাধিকবার এ পাখির দেখা পেয়েছি।

এ লেখা যখন লিখছি, তখনো পাখিটি ডাকছিল আমার মণিপুরিপাড়ার বাসার কাছে।