বাংলা গানে তারুণ্যের উৎসব
আইটিসি এসআরএ প্রাঙ্গণে বাংলা গানের উৎসব গতকাল পরিণত হয়েছিল তারুণ্যের উৎসবে। জীবনমুখী গান গেয়ে ঢাকার তরুণ প্রজন্মর গাইয়ে-বাজিয়েরা তৃতীয় দিনের মতো জমিয়ে তোলেন উৎসব।বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএ যৌথভাবে নয় দিনের বাংলা গানের এই উৎসবের আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো। সহযোগিতায় দ্য ডেইলি স্টার ও সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন।এদিন কোনো আলোচনা ছিল না। সরাসরি গানের শুরু নবনীতা ও লাবিদ কামাল গৌরবের পরিবেশনা দিয়ে। তাঁরা দুজন প্রায় ঘণ্টা দেড়েক চেনা গান চেনা সুরে ভিন্ন আঙ্গিকে পারিবেশন করেছেন। বাংলাদেশের অংশগ্রহণকারীদের প্রচুর অনুরাগী এবং ব্যক্তিগত বন্ু্ল রয়েছেন কলকাতায়। দল বেঁধে এসেছিলেন তাঁরা গান শুনতে। নবনীতা-লাবিদের পর মঞ্চে আসেন কৃষ্ণকলি। তাঁর গানের মধ্যে ছিল ‘বন্ধু তোমার’, ‘হাঁটতে হাঁটতে’, ‘ইচ্ছে মতন’, ‘যাও পাখি বল তারে’ ইত্যাদি।সমগীত ব্যান্ডের অর্ক গেয়েছেন ‘রোদের হাট’, ‘পিয়া’, ‘হাওয়া’ ইত্যাদি গান। কফিল আহমেদের দুটো গান ‘গঙ্গাবুড়ি’ ও ‘বানিয়েছি ডুগডুগি’। শেষে মঞ্চে আসেন অর্ণব। তাঁর গানগুলোর মধ্যে ছিল ‘মেঘ’, ‘রাস্তায়’, ‘তোর জন্য’, ‘নাও ছাড়িয়া দে’ এসব। আগের রাতে: সারা রাত গান শোনার যে বিপুল উচ্ছ্বাসে নিশি জাগরণের দৃশ্য ঢাকায় সৃষ্টি হয়েছিল গত বছর বেঙ্গল-এসআরএর উচ্চাঙ্গসংগীত উৎসবে, কলকাতায় সেই পরিবেশটি পাওয়া গেল না। এদিন একটু শীতও বেড়েছিল। তবে শুরু থেকেই গান-বাজনাও হচ্ছিল চমৎকার। রাগাশ্রয়ী গান, পুরোনো দিনের গান আর তার সঙ্গে তবলা, সেতার, সারেঙ্গীর অনবদ্য বাদন শ্রুতিমধুর করে তুলেছিল পরিবেশনাগুলো। বাংলাদেশের দুজন বাদে সবাই ছিলেন কলকাতার স্বনামখ্যাত উদীয়মান শিল্পী ও পণ্ডিত। তবু মধ্যরাতের পর শ্রোতার সংখ্যা বেশ কমে গিয়েছিল।বাংলাদেশের ফারহানা রহমান শুরু করেছিলেন গানের আসর। তারপর গেয়েছেন সন্দীপ ভট্টাচার্য ও সুচিশ্রী রায়। সুচেতা গঙ্গোপাধ্যায় গেয়েছেন বেশ কটি গান।এরপর মঞ্চে আসেন বাংলাদেশের ইফফাত আরা দেওয়ান। তিনি রবীন্দ্রনাথের ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, নজরুলের ‘সাঁঝের পাখিরা ফিরিল কুলায়’ গাওয়ার পর নিধুবাবুর টপ্পা, আঙ্গুরবালা, কমলাঝরিয়া, ইন্দুবালা ও অন্যান্য শিল্পীর বেশ কয়েকটি পুরাতন গান করেন। মাঝরাতের পর গান শোনাতে এলেন প্রবীণ পণ্ডিত অরুণ ভাদুড়ি। তন্ময় করে রাখলেন গানের পর গান গেয়ে। ‘গাঙে জোয়ার এলো’, ‘ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে’সহ বেশ কয়েকটি পরিবেশনা ছিল বিদুষী কৌশিকী দেশিকানের। আসরের সমাপ্তি টেনেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আজকের অনুষ্ঠান: আজ সোমবার চতুর্থ দিনে পঞ্চকবির গান করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, নন্দিতা ইয়াসমিন ও সানী জুবায়ের।শেষ হলো কলকাতা পুস্তক মেলা: পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত কলকাতা পুস্তক মেলা শেষ হলো গতকাল। সে কারণে দুপুর ১২টায় মেলার ফটক খোলার পর থেকেই গ্রন্থানুরাগীদের ঢল নেমেছিল মেলায়। বিকেলে মেলার মাঠে আয়োজিত পুস্তক মেলা আক্ষরিক অর্থেই মিলনমেলায় পরিণত হয়েছিল।এবার মেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। গত ২৬ জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। সারা দিনই মেলার মাইকে বেজেছে বাংলাদেশের চন্দনা মজুমদার, জেমস, কৃষ্ণকলি, অর্ণবসহ বিভিন্ন শিল্পীর গাওয়া গান। বাংলাদেশ প্যাভিলিয়নেও ছিল প্রচুর জনসমাগম। প্রথমার বিক্রয় প্রতিনিধি জানালেন মুক্তিযুদ্ধের বইগুলো বিক্রি হয়েছে যথেষ্ট।বিকেলে অভিযান পাবলিশার্সের স্টলে ছিল কলকাতা ও বাংলাদেশের কবিদের কাব্যালোচনা। বাংলাদেশের কবিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ মজহার, আসাদ চৌধুরী, সাজ্জাদ শরিফ। কলকাতার কবিদের মধ্যে ছিলেন সুব্রত সরকার, গৌতম চৌধুরী, বাদল পুরকায়স্থ। রাত আটটায় গিল্ডের মঞ্চে ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। গতকাল সংগীতানুষ্ঠানের আগে বাংলাদেশের তরুণ শিল্পীদের কয়েকটি অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে দুই দেশের বিশিষ্টজনেরা অংশ নেন।