বাংলা চ্যানেল পাড়ি দিলেন চার সাঁতারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ কিলোমিটারের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন চার সাঁতারু। তাঁরা হলেন লিপটন সরকার, মনিরুজ্জামান, পারভেজ রশীদ ও মো. সামছুজ্জামান।
গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ছয়জন সাঁতারু টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর জেটিঘাট থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু করেন। ৪ ঘণ্টা ৩০ মিনিটে ১৬ কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ জেটিঘাটে পৌঁছান লিপটন সরকার ও মনিরুজ্জামান। লিপটন সরকার এর আগেও নয়বার এবং মনিরুজ্জামান তিনবার এই বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। প্রথমবারের মতো এই চ্যানেল পাড়ি দিতে মো. সামছুজ্জামানের লেগেছে ৪ ঘণ্টা ৪০ মিনিট। আর পারভেজ রশীদের লেগেছে ৬ ঘণ্টা ৩০ মিনিট।
শারীরিক অসুস্থতার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন দুবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া ফযলুল কবির ও প্রথম অংশ নেওয়া শাহাদাত বাশার।
বাংলা চ্যানেলের আবিষ্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হকের স্মরণে দশম বাংলা চ্যানেল সাঁতার-২০১৫-এর যৌথ আয়োজক ষড়জ অ্যাডভেনচার, এভারেস্ট একাডেমি ও এক্সট্রিম বাংলা। পৃষ্ঠপোষকতায় ছিল ওয়াল্টন।
লিপটন সরকার বলেন, ‘সামনে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে হবে। তার আগাম প্রস্তুতি হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া। বাংলা চ্যানেলের আবিষ্কারক কাজী হামিদুল হক দুই বছর আগে মারা গেছেন। তাই এবারের প্রতিযোগিতা তাঁর স্মরণে উৎসর্গ করা হলো। বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিশ্ববাসীর সামনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে তুলে ধরছি। কক্সবাজার সৈকতেই বাংলা চ্যানেলের অবস্থান। ভবিষ্যতে এই বাংলা চ্যানেল পাড়ি দিতে ছুটে আসবেন অসংখ্য বিদেশি।’