বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী মিলকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা তিন ঘণ্টা ৪৬ মিনিট সাঁতরে গতকাল শনিবার বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী নেদারল্যান্ডের নাগরিক ভ্যান গুল মিলকো।মিলকোর সঙ্গে ছিলেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, প্রথম বাংলা চ্যানেল বিজয়ী লিপটন সরকার ও বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান। গতকাল সকাল সাতটায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জেটিঘাট থেকে চারজনই সাঁতার শুরু করেন। এর মধ্যে সবার আগে সাঁতার শেষ করেন ইংলিশ চ্যানেল বিজয়ী মিলকো। সকাল ১০টা ৪৬ মিনিটে তিনি সেন্ট মার্টিন পৌঁছান। তাঁর সময় লাগে তিন ঘণ্টা ৪৬ মিনিট। লিপটন সরকারের বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় লাগে পাঁচ ঘণ্টা পাঁচ মিনিট। মনিরুজ্জামানের লাগে আট ঘণ্টা ১০ মিনিট। আর মুসা ইব্রাহীমের সময় লাগে আট ঘণ্টা ১৮ মিনিট। সেন্ট মার্টিন পৌঁছার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে সেখান থেকে আবার টেকনাফের উদ্দেশে সাঁতার শুরু করেছিলেন মিলকো। প্রায় এক ঘণ্টা সাঁতার কাটার পর স্রোত ও জেলি ফিশের কারণে ক্লান্ত হয়ে পড়লে উদ্ধারকর্মীরা তাঁকে ট্রলারে তুলে নেন।সাঁতার শেষে ভ্যান গুল মিলকো বলেন, ‘ইংলিশ চ্যানেলের পর এবার বাংলা চ্যানেল জয় করতে পেরে আমি খুশি। আগামীতে এই চ্যানেল পাড়ি দিতে বিদেশ থেকে অনেক সাঁতারু আসবে।’