বাংলা চ্যানেল পাড়ি দিলেন ব্রিটিশ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ কিলোমিটারের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন যুক্তরাজ্যের নারী বেকি হার্সব্রো। রোববার সকালে তিনি এই চ্যানেল পাড়ি দেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিক তিনি। সাঁতারের প্রশিক্ষকও তিনি।

রোববার সকাল নয়টার দিকে তিনজন সাঁতারু কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর জেটিঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁরা হলেন—মুসা ইব্রাহীম, ওয়াসিউর রহমান ও বেকি হার্সব্রো। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরের সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাতে বেকির সময় লাগে ৪ ঘণ্টা ৪৫ মিনিট।

প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন বেকি হার্সব্রো। তবে এক ঘণ্টা পর মাঝপথে সাঁতার বন্ধ করে দেন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান।

সাঁতারের এ আয়োজনে দলনেতা ছিলেন মুসা ইব্রাহীম। এটি ছিল এভারেস্ট একাডেমির বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার চতুর্থ আয়োজন। উদ্ধারকারী দলের নেতা ছিলেন ওই একাডেমির ব্যবস্থাপক এমরান হোসেন। তিনি বলেন, মাছের কাঁটায় পায়ে আঘাত পেয়ে অপর দুই সাঁতারু মাঝপথে সাঁতার বন্ধ করে দেন। পরে তাঁদের উদ্ধার করে ট্রলারে তুলে নেওয়া হয়।

বেকি হার্সব্রো সেন্টমার্টিনে পৌঁছানোর পর তাঁকে শুভেচ্ছা জানান উপস্থিত পর্যটক ও স্থানীয় লোকজন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহ খান প্রথম আলোকে বলেন, বাংলা চ্যানেলের মাধ্যমে এ দেশের আরেকটি পরিচিতি লাভ করেছে। বিদেশি সাঁতারুরাও এখন এই চ্যানেলে সাঁতার দিচ্ছেন।

বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার পর বেকি হার্সব্রো প্রথম আলোকে বলেন, ‘সফলভাবে সাঁতার শেষ করতে পেরে আমি খুবই খুশি।’ নিজের রেকর্ড ভাঙার জন্য আবার এখানে আসবেন বলেও জানান তিনি। বেকি বলেন, ‘পরে যখন এখানে আসব, তখন আমি চাইব এ দেশের একজন নারী সাঁতারে আমার সঙ্গে থাকুন। সাঁতার একটি মৌলিক দক্ষতা যা প্রত্যেকের শেখার অধিকার রয়েছে।’