বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেবেন মুসা ইব্রাহীম
টেকনাফের শাহ্পরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন—সাড়ে ১৪ কিলোমিটারের এই সমুদ্রপথের নাম সাঁতারুদের কাছে ‘বাংলা চ্যানেল’। উত্তাল সাগরের ঢেউ আর বাতাসের বিপরীতে সাঁতারুদের এই পথ পাড়ি দিতে হয়। এই বাংলা চ্যানেলই সাঁতরে পাড়ি দিতে যাচ্ছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। তাঁর সঙ্গে থাকবেন সাঁতারু লিপটন সরকার।৯ মার্চ অনুষ্ঠিত হবে ‘বাংলা চ্যানেল সাঁতার ২০১১’। আয়োজন করছে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ও এক্সট্রিম বাংলা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।আয়োজকেরা জানান, ২০০৬ সাল থেকেই সাঁতারুরা বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন। লিপটন সরকার পাঁচবার এই চ্যানেল পাড়ি দিয়েছেন। তবে মুসা ইব্রাহীম এবারই প্রথম এই চ্যানেলে সাঁতরাবেন। সংবাদ সম্মেলনের অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মুসা ইব্রাহীম একটা দুঃসাহসিক কাজ করে দেশের জন্য সুনাম অর্জন করেছেন। এবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পাড়ি দিচ্ছেন। কালক্রমে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন, দেশের জন্য নতুন সুনাম নিয়ে আসবেন। এনএসিবির সভাপতি ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, বাংলাদেশকে দিয়ে কিছু হবে না—এটা বলার দিন শেষ। বাংলাদেশকে দিয়েই হবে, এর প্রমাণ মুসা ইব্রাহীম। মুসা ইব্রাহীম বলেন, ‘চ্যানেলটি সাঁতরে পার হতে চাই। এটা আমার চ্যালেঞ্জ।’ তিনি বলেন, তরুণেরা সুস্থভাবে বিভিন্ন অভিযানে অংশ নিক। এটা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে। সংবাদ সম্মেলনে এক্সট্রিম বাংলার সভাপতি কাজী হামিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক শাহজাহান আলী, সামিট গ্রুপের পরিচালক ফাদিয়া খান বক্তব্য দেন। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সামিট গ্রুপ ও নাভানা লিমিটেড।