বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবিদায় ও বরণ উপলক্ষে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার চট্টগ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ষবিদায় ও বরণের প্রধান অনুষ্ঠান হবে নগরের ডিসি হিল এবং সিআরবির মুক্তমঞ্চে। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্ষবিদায়ের দিন আজ বুধবার বিকেল চারটায় মুক্তমঞ্চে দুই দিনের অনুষ্ঠানের সূচনা হবে। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনজনকে সম্মাননা জানাবে পরিষদ। তাঁরা হলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন ও আলোকশিল্পী তপন ভট্টাচার্য।
দুই দিনের অনুষ্ঠানমালা সামনে রেখে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, গ্রামীণফোনের সহায়তায় এবার ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানমালা হতে যাচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের বাধ্যবাধকতায় এবার বিকেল পাঁচটায় অনুষ্ঠান শেষ হতে হবে। এতে অনুষ্ঠানের কলেবর ছোট করতে হয়েছে।
বর্ষবিদায়ের পর বৃহস্পতিবার ভোর থেকে শুরু হবে বর্ষবরণের মূল অনুষ্ঠান। স্বর্ণময় চক্রবর্তীর রাগসংগীতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে সমবেত ও একক সংগীত, আবৃত্তি এবং নৃত্য। দুই দিনের অনুষ্ঠান উপলক্ষে এবারও ডিসি হিল এবং আশপাশের এলাকায় বসবে বৈশাখী মেলা।
এদিকে প্রতিবারের মতো এবারও নগরের সিআরবি পাহাড়ের শিরীষতলায় বাংলা বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নববর্ষ উদ্যাপন পরিষদ। বৃহস্পতিবার বেহালাবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর দিনব্যাপী মুক্তমঞ্চে সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশিত হবে। এ ছাড়া বেলা তিনটায় সিআরবিতে অনুষ্ঠিত হবে সাহাবউদ্দিনের বলীখেলা।
বর্ষবিদায় এবং বরণ উপলক্ষে শিশুদের বিদ্যাপীঠ ফুলকিতে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা। এ ছাড়া নগরের চেরাগী পাহাড় নন্দন চত্বরে বৃহস্পতিবার শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটদের বর্ষবরণ। দিনব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং নাটক। শিশুমেলা এই অনুষ্ঠানের আয়োজন করেছে।