বাংলা নিয়ে কত্ত প্রশ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগের উদ্বোধন
বেলুন উড়িয়ে চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগের উদ্বোধন

ঢং ঢং ঢং। শেষ ঘণ্টা বাজল। পরীক্ষার খাতা জমা দিয়ে সবাই ছুটল মাঠে। বিশাল মাঠে সারি সারি চেয়ার পাতা। ওপরে শামিয়ানা টাঙানো। সবার আসন নেওয়ার পর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। মঞ্চ থেকে ডাক পড়তেই এক এক করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে জিজ্ঞাসার ঝাঁপি খুলতে লাগল প্রতিযোগীরা। বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে দেওয়া হলো বই। তারা জানতে চাইল বাংলা শব্দ এসেছে বঙ্গ থেকে, তাহলে বঙ্গ শব্দ এসেছে কোত্থেকে, অন্ধকার যুগে সাহিত্যকর্ম রচিত হয়নি কেন, ইতি অর্থ শেষ এবং আদি অর্থ শুরু তাহলে ইত্যাদির মানে অনেক কিছু কেন?

পরীক্ষা চলছে
পরীক্ষা চলছে

প্রশ্নের জবাব দিতে মঞ্চে ছিলেন বাংলা বিষয়ের শিক্ষক ও ভাষাবিষয়ক পণ্ডিতেরা—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মাহবুবুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারিক রেজা, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের উপাধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক ফেরদৌস আরা বেগম ও নজরুল ইসলাম এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
এইচএসবিসি-প্রথম আলো চট্টগ্রাম আঞ্চলিক ভাষা প্রতিযোগ উৎসবের সবচেয়ে উপভোগ্য আয়োজনের চেহারাটা ছিল এমনই।
৫ এপ্রিল সকালে শিক্ষার্থীদের এ মিলনমেলা বসে চট্টগ্রামের এনায়েত বাজারে অবস্থিত সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য।

জানা উত্তরটা মনে পড়ছে না কেন
জানা উত্তরটা মনে পড়ছে না কেন

চারটি বিভাগে (প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) প্রতিযোগিতা হয়। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এতে অংশ নিতে আসে ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের শিক্ষার্থীরাও।
উদ্বোধনের পরই প্রতিযোগীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। ফলাফল তৈরির আগ পর্যন্ত চলে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বের ইতি টানা হয় অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে মাতৃভূমি ও মাতৃভাষাকে ‘হ্যাঁ’ এবং মাদক ও মুখস্থ করার প্রবণতাকে ‘না’ বলার মধ্য দিয়ে।
প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সুদীপ্ত পাল।
অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা।
নিজাম সিদ্দিকী