বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরীক্ষাটি ৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা পিছিয়ে যায়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত গতকাল সন্ধ্যায় বলেন, বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালোভাবে শেষ হয়েছে। বোর্ডের অধীনে সব কটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো রকম সমস্যার খবর পাওয়া যায়নি কোথাও। বোর্ড সূত্রে জানা যায়, বাংলা প্রথম পত্রের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ২১ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল দুই হাজার ৩৮৫ জন।

চট্টগ্রাম বোর্ডে এ বছর ১৯৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও হরতাল থাকায় তা পিছিয়ে নেওয়া হয়।