বাংলা বর্ণের উৎসবে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল সেরা বাংলা বর্ণ বাছাই করেন বিশিষ্টজনেরা। ছবিতে (বাঁ থেকে) আফজাল হোসেন, আবুল বারক আলভী, আবদুল মান্নান, অশোক কর্মকার ও সমরজিৎ​ রায় চৌধুরী l প্রথম আলো
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল সেরা বাংলা বর্ণ বাছাই করেন বিশিষ্টজনেরা। ছবিতে (বাঁ থেকে) আফজাল হোসেন, আবুল বারক আলভী, আবদুল মান্নান, অশোক কর্মকার ও সমরজিৎ​ রায় চৌধুরী l প্রথম আলো

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ রোববার শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণমেলা। স্কুলপড়ুয়া কিংবা এখনো স্কুলব্যাগ কাঁধে ওঠেনি, এমন ছোট ছোট ছেলেমেয়েরা বড়দের হাত ধরে আসবে এই উৎসবে। খেলবে, গাইবে, হাসবে—প্রিয় বাংলা বর্ণগুলোকে আবিষ্কার করবে নতুন করে। বিশিষ্টজনদের সঙ্গে তাদের দেখা হবে, কথা হবে। খেলায় খেলায় বাংলা বর্ণমালার নানা কিছু শেখাও হবে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তমবারের মতো বর্ণমেলার আয়োজন করছে প্রথম আলো। সহযোগিতা করছে ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে সকাল নয়টা থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রাজশাহীর কলেজিয়েট স্কুল ও কলেজ মাঠ বর্ণে বর্ণিল হয়ে শিশুকিশোরদের অপেক্ষায় আছে।
ছোট্ট সোনামণিদের বাংলা বর্ণে হাতেখড়ি দেবেন দেশের বরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা। থাকছে বর্ণপ্রদর্শনী, বর্ণদোলা, বর্ণমঞ্চ, বর্ণপোশাক, বর্ণপ্রযুক্তি, বর্ণাঙ্কন, বর্ণলিখন, টি-শার্টে বর্ণ, মজার পুতুল, বর্ণপণ্ডিত স্টলসহ নানা আকর্ষণ। চলবে শিশুদের গল্প লেখা। বর্ণমঞ্চে হবে নাচ, গান, জাদু ও পাপেট-মাপেট। প্রযুক্তির আয়োজনে থাকছে কম্পিউটারে বাংলার নানা প্রযুক্তির সঙ্গে বর্ণ নিয়ে তৈরি সফটওয়্যার ও মজার সব মাল্টিমিডিয়ার আয়োজন। স্টলে থাকবে শিশুকিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর উপহারসামগ্রী। সেখানে শিশুরা রাঙাবে নিজের টি-শার্ট, বর্ণিল বর্ণে সাজাবে নিজের মতো করে। চলবে হরেক রকম প্রশ্ন, ধাঁধা, প্রতিযোগিতা ও গল্প লেখা।
প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিন বিভাগে বিভক্ত হয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শুরু হবে বেলা ১১টায়। প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট আগেই প্রতিযোগীদের উপস্থিত থাকতে হবে।
ঢাকায় মেলার উদ্বোধন করবেন অভিনয়শিল্পী জয়া আহসান, চঞ্চল চৌধুরী, কথাশিল্পী শাহানাজ মুন্নী ও এসএ গেমসে স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার। বর্ণের বর্ণিল নকশা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, ফরিদা জামান, আবদুল মান্নান, আফজাল হোসেন ও অশোক কর্মকার শিশুদের বর্ণে হাতেখড়ি দিতেও উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে যোগ দেবেন লেখক সৈয়দ আবুল মকসুদ, শিল্পী শিশির ভট্টাচার্য্য ও লেখক আনিসুল হক। থাকবে বাংলা বর্ণ ও আমাদের ভাষাগত ঐতিহ্য নিয়ে স্থাপনাশিল্প। স্থাপনাশিল্পীদের মধ্যে আছেন রুহুল আমিন কাজল, অসীম হালদার সাগর, মো. আমিনুল ইসলাম, ইমরান সোহেল, ফারহা নাজ মুন, রূপম রায় ও শিমুল সাহা।
চট্টগ্রামে ভাষাসংগ্রামী হাসিনা জাকারিয়ার হাতে হবে উদ্বোধন। রাজশাহীর বর্ণমেলা উদ্বোধন করবেন লেখক হাসান আজিজুল হক, ভাষাসংগ্রামী আবুল হোসেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ইকবাল মতিন, নাট্যকার মলয় ভৌমিক, সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও অভিনেতা বাপ্পারাজ। বর্ণে হাতেখড়ি দিতে উপস্থিত থাকবেন শিল্পী আশফাকুল আশেকিন, বনি আদম, মনির উদ্দিন আহমেদ, ড. হাসান আশিক ও রহমান রাজু। তিনটি অঞ্চলের অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
* সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত দেখুন বিনোদন পাতায়।