বাংলা, বিজ্ঞান ও হিসাববিজ্ঞানে শিক্ষক নেই, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকসহ শিক্ষকের ১৪টি পদ থাকলেও আছেন মাত্র ৭ জন। এর মধ্যে বাংলা, ভৌতবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ের কোনো শিক্ষকই নেই। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে এই বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলে, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় ভালোভাবে পড়াশোনা হচ্ছে না। যে কৌশলে বিষয়ভিত্তিক শিক্ষকেরা পড়াতেন, অন্য বিষয়ের শিক্ষকেরা সেভাবে পড়াতে পারছেন না। এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৫ সালে স্থানীয় অবিনাশ চন্দ্র লোধ তাঁর বাবা ভগবান চন্দ্র লোধের নামানুসারে ভগবান উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৪২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, বিদ্যালয়টিতে ইংরেজি, সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষকের দুটি করে পদ থাকলেও একটি করে পদ শূন্য রয়েছে। বাংলা বিষয়ে শিক্ষকের দুটি পদের বিপরীতে একজনও নেই। গত মাস পর্যন্ত এ বিষয়ে একজন শিক্ষক ছিলেন। বিজ্ঞান, হিসাববিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষক থাকার কথা থাকলেও প্রতিটি পদই শূন্য। কৃষি শিক্ষা বিষয়ের একজন শিক্ষকের পদ থাকলেও সেখানে রয়েছে দুজন। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার শিক্ষক যোগদান করলেও তিনি বিএড করতে এক বছরের শিক্ষা ছুটিতে রয়েছেন। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের শিক্ষকের একটি পদে একজন আছেন।
নাগাইশ বঙ্গবন্ধু কলেজের প্রভাষক আমিনুল ইসলাম বলেন, বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়া ওই বিষয়ের পাঠদান সঠিকভাবে করা কোনোভাবেই সম্ভব নয়।
ব্রা‏হ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা বেগম বলেন, বিদ্যালয়ে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক না থাকায় ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি হতে চাইছে না। তা ছাড়া এখানে অফিস সহকারী, ঝাড়ুদার ও মালি নেই। বিষয়টি প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের ডিডিকে লিখিতভাবে জানানো হচ্ছে।
মাউশির কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (ডিডি) মোহাম্মদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় ছয় বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। তা ছাড়া সহকারী শিক্ষকদের পদোন্নতির কারণেও কিছু পদ শূন্য হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ করা হলেই পদগুলো পূরণ করা হবে।