
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী প্রথম সম্মিলন গতকাল শুক্রবার শুরু হয়েছে। সম্মিলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক পি এম শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জুলফিকার মাতিন, বিভাগের অধ্যাপক সুজিত সরকার ও পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক আপেল আবদুল্লাহ।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বিভাগের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়।
অ্যালামনাই সম্মিলন ঘিরে বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় গতকাল দিনব্যাপী মুখরিত ছিল ক্যাম্পাস। ছেলেরা লাল রঙের পাঞ্জাবি আর মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে ছোট ছোট দল হয়ে ঘোরাঘুরি করেছেন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন আর আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন তাঁরা। বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতি সেই আনন্দ বাড়ায় দ্বিগুণ।
প্রথম দিনে আরও ছিল ‘পর্বে পর্বে সময় কথন’ শীর্ষক স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। আজ শনিবার দ্বিতীয় দিনে রয়েছে ‘শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও মানবসম্পদ উন্নয়নে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন, বাংলা বিভাগ অ্যালামনাই পুরস্কার ‘কলাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার-২০১৫’ প্রদান এবং সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান।