নাগরিকের দেশপ্রেম ও ভাষাপ্রেম ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিক্ষার্থীদের মধ্যে এটাই ছড়িয়ে দিচ্ছে।বিভাগ প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অ্যালামনাই আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ উপলক্ষে বসেছিল প্রাণের মেলা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে প্রাক্তন শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। তাঁদের অভ্যর্থনা জানান বিভাগের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে বাংলা বিভাগ সামনে থেকে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা বিভাগ জ্ঞানচর্চার ঐতিহ্য ও মূল্যবোধ বজায় রেখেছে, এর পাশাপাশি গণতান্ত্রিক বিকাশে বিভাগটির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।বিভাগের সভাপতি সিদ্দিকা মাহমুদ বলেন, ‘বিভাগের ৯০ বছরের এই মিলনমেলা দেখে মন ভরে গেছে। আমরা আশাতীত সাড়া পেয়েছি।’উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাক্তন আট শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অধ্যাপক আশরাফ হোসেন সিদ্দিকী (১৯৫০), রওশন আরা রহমান (১৯৫৩), অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম (১৯৫৪), অধ্যাপক মনোয়ারা ইসলাম (১৯৫৪) উপাচার্যের হাত থেকে সম্মাননাপত্র নেন।সম্মাননা পাওয়া অন্য চার প্রাক্তন শিক্ষার্থী কাজী দীন মুহম্মদ, মুস্তাফা নূরউল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং আশরাফ ফারুকী অনুষ্ঠানে আসতে পারেননি।অনুষ্ঠানে সম্মাননা নিয়ে রওশন আরা রহমান বলেন, ‘ক্যাম্পাস-জীবন দুর্লভ সময়, এই সময় বারবার জীবনে ফিরে আসবে না।’মনোয়ারা ইসলাম (১৯৫৪) বলেন, ‘তখন কমনরুম আর ক্লাসের বাইরে শিক্ষকের জন্য অপেক্ষা করতাম। ঘোমটা দিয়ে শিক্ষকদের সঙ্গে ক্লাসে ঢুকে প্রথম বেঞ্চে বসতাম। ক্লাস শেষে আবার শিক্ষকের সঙ্গেই বের হয়ে যেতাম।’বিকেলে ছিল স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের ইতিহাস তুলে ধরেন ওই বিভাগের স্বনামধন্য প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম, আনিসুজ্জামান, বিশ্বজিৎ ঘোষ, বায়তুল্লাহ কাদেরী প্রমুখ।