বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিঠা উৎসব
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসব হয়েছে। বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে শেখ হাসিনা চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ হাসিনা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। চারটি স্টলে প্রায় ৭০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে রয়েছে চিতই, ভাপা, কুলি, নকশি, পাকান, ডিমের পুডিং, মোয়া, পাটিসাপটা, ছোলার বরফি, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, তক্তি, দুধখেজুর, পাপড়ি, নারকেলের চিড়া ও বরফি এবং রসপান পিঠা।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তন্বী সাহা বলেন, ‘সারা রাত জেগে বান্ধবীরা মিলে পিঠা বানিয়েছি। পিঠা খেয়ে সবাই তৃপ্ত হলে তবেই আমাদের শ্রম সার্থক হবে।’
বাংলা বিভাগের সভাপতি মো. আবদুর রহমান বলেন, ‘পিঠা উৎসব আবহমানকাল ধরে বাঙালির নিজস্ব ঐতিহ্য বহন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্য ছড়িয়ে দিতে চায়। এ জন্য এ বছর পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।’
২০১৩ সালের এই দিনেই বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বাংলা বিভাগের।