বাংলা ভাইয়ের বাহিনীর ছয়টি হত্যাকাণ্ডের বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও তাঁর ক্যাডারদের হাতে নিহত রাজশাহীর বাগমারার সাতজনের মধ্যে ছয়জনের পরিবার এখনো বিচার পায়নি। নয় বছর পেরিয়ে গেলেও এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। নির্যাতিতরাও পাননি বিচার। ২০০৪ সালের ১ এপ্রিল বাগমারায় বাংলা ভাই ও তার ক্যাডারদের প্রকাশ্য আর্বিভাব ঘটে। প্রথমে তাঁরা মুসলিম মুজাহিদিন বাংলাদেশ, তার পর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও পরে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নামে তৎপরতা চালায়। দুইমাস ধরে চলে তাঁদের প্রকাশ্য কার্যক্রম। এ সময়ে বাগমারা, দুর্গাপুর, আত্রাই ও রাণীনগর এলাকায় তাঁদের অভিযানে ১৫ জন প্রাণ হারান। নির্যাতনে আহত হন আরো পাঁচ শতাধিক লোক। এর মধ্যে বাগমারায় আটজন নিহত ও তিন শতাধিক ব্যক্তি আহত হন। হামিরকুৎসা ইউনিয়নের কালুপাড়া গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁকে জঙ্গিরা পিটিয়ে ও পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতন করেন। তিনি এখন শারীরিক প্রতিবন্ধী হয়ে জীবনযাপন করছেন। জঙ্গিদের ভয়ে তিনি মামলাও করতে পারেননি। জঙ্গিরা ২০০৪ সালের ১ এপ্রিল বাগমারার পালাশী গ্রামে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ও পরে গলা কেটে হত্যা করে নাটোরের সরগতিয়া গ্রামের যুবলীগ কর্মী মনোয়ার হোসেন ওরফে বাবুকে। ২০০৭ সালের ১২ জুলাই নিহতের বাবা মহসিন আলী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু, নাদিম মোস্তফাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে বাগমারায় খুন হন গোলাম রাব্বানী মুকুল, শহিদুল ইসলাম, আবু তালেব, আলী আকবর, মাহাবুর রহমান, ইয়াছিন আলী। এছাড়া খুন হন আত্রাইয়ের ফরিদ, দীপঙ্কর, রাণীনগরের আবদুল কায়ূম, প্রশান্ত, সুশান্ত, খেজুর, দুর্গাপুরের আজাহারসহ ১৫ জন। এছাড়া তাঁদের হামলায় আহত হন পাঁচ শতাধিক মানুষ। সূত্র জানায়, এসব ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে মাহাবুর হত্যা মামলার রায় হয়েছে। রায়ে মামলার সব আসামি খালাস পেয়েছেন। নিহত গোলাম রাব্বানীর ভাই গোলাম মোস্তফা জানান, এখনো খুনিরা ঘুরে বেড়ায়, হুমকী দেয়। থানায় জিডিও করা হয়েছে। কোনো লাভ হয়নি। আত্রাইয়ের দীপঙ্করের মা সুবিতা রাণীও ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ।