বাংলা ভাইয়ের সহযোগী 'হকিস্টিক মজনু' আটক
জেএমবির তালিকাভুক্ত সদস্য ও ফাঁসি কার্যকর হওয়া সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী মজনুর রহমান ওরফে ‘হকিস্টিক মজনু’কে (৪২) আটক করেছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। তিনি উপজেলার হামিরকুৎসা গ্রামের সাবের আলীর ছেলে।
বাগমারা থানার উপপরিদর্শক দুরুল হুদা বলেন, মজনু নিজ বাড়িতে অবস্থান করছেন বলে পুলিশ জানতে পারে। এমন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালায় এবং কৌশল অবলম্বন করে তাঁকে আটক করে। ওই কর্মকর্তা বলেন, হকিস্টিক মজনু জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা। এলাকাবাসী ও নির্যাতিত তিন ব্যক্তি জানান, মজনু বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের অপারেশন চলাকালে হকিস্টিক সঙ্গে নিয়ে তিনি অংশ নিতেন। তখন থেকে তিনি হকিস্টিক মজনু নামে পরিচিত।