বাংলা ভাইয়ের স্ত্রীসহ জেএমবির ৩ সদস্যের ২০ বছর করে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমাসহ তিনজনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সালাউদ্দিন ওরফে সালেহিন ও আসাদুজ্জামান পনির ওরফে আসাদ।বিচারক রায়ে বলেন, এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হলো। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।মামলা সূত্রে জানা গেছে, জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ কোতোয়ালি থানার আকোয়া গ্রামের খোরশেদ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৯-এর সদস্যরা। এ সময় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯-এর সদস্য এনায়েত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।২০০৬ সালের ১৬ জুন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম, আতাউর রহমান, বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা, আসাদুজ্জামান ও সালাউদ্দিন—এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ‘দুই বিচারক’ হত্যা মামলায় বাংলা ভাই ও আতাউরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত গতকাল এ রায় দেন।