বাংলা ভাষা চর্চায় আরও যত্নবান হওয়ার আহ্বান

‘মাই একাডেমি-আরএলসি ২য় জাতীয় ভাষা উৎসব-২০১৫’-এর সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা বাংলা ভাষা চর্চায় শিক্ষার্থীদের আরও আন্তরিক ও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি সচেতনতা বাড়ানো ও বিশ্ব ভাষাচেতনা জাগ্রত করার ক্ষেত্রে এ রকম ভাষা উৎসব খুবই কার্যকর বলে বক্তারা সমাপনী অনুষ্ঠানে মত দেন।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে গতকাল তিন দিনব্যাপী এ ভাষা উৎসব শেষ হয়। গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও লেখক হায়াৎ মামুদ। অতিথিরা বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
তিন দিনব্যাপী জাতীয় ভাষা উৎসবে বাংলা ও ইংরেজি বানান, ভাষাভিত্তিক অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, পদ্য লিখন, অনলাইন রচনা, চিঠি লেখা, আলোকচিত্র প্রদর্শনী ও ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়। গতকাল সমাপনী দিনে তাৎক্ষণিকভাবে ‘কেমন হবে আমার স্বপ্নের শহর ঢাকা? এ স্বপ্ন বাস্তবায়নে আমার করণীয়’ শীর্ষক উপস্থিত রচনা প্রতিযোগিতা হয়। উৎসবে রাজধানী ঢাকাসহ দেশের শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
গত বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং মাই একাডেমির যৌথ উদ্যোগে তিন দিনের এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী, মাই একাডেমির চেয়ারম্যান মেজর (অব.) এ টি কে এম ইকবাল প্রমুখ।
শুক্রবার ভাষা উৎসবের দ্বিতীয় দিনে রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক বেগম আকতার কামাল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।
জাতীয় ভাষা উৎসব উপলক্ষে এ তিন দিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাস তরুণ শিক্ষার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও বর্ণিল পতাকা দিয়ে ক্যাম্পাস সুসজ্জিত করা হয়। বিজ্ঞপ্তি।