বাংলা ভাষা দুঃসময়ের পথ পাড়ি দিচ্ছে

‘তখন আমি ছাত্রী ছিলাম। মাতৃভাষা নিয়ে আন্দোলনের গুরুত্ব বুঝিনি। তবে বড়দের সঙ্গে ধর্মঘটের প্রস্তুতিতে সঙ্গে ছিলাম, পথে নেমেছি। ভাষা সংগ্রাম পরিষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদাও তুলেছি। তখন বুঝিনি আমাদের ছোট্ট ছোট্ট আত্মত্যাগ এত বড় অর্জনে পরিণত হবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সমিতির আয়োজনে এক সেমিনারে স্মৃতিচারণের সময় কথাগুলো বলেন সভার অতিথি ভাষাসংগ্রামী অধ্যাপক ড. শরীফা খাতুন।
গতকাল সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ভাষাসংগ্রামী আহমদ রফিক। ‘একুশেচেতনা ও বাংলাভাষার বর্তমান বাস্তবতা’ শিরোনামের ওই প্রবন্ধে তিনি বলেন, ‘ইংরেজি ভাষা শিখতে হবে, তবে মাতৃভাষার বিকল্প হিসেবে নয়। প্রাত্যহিক জীবনাচরণে বাংলা তার মননশীল চর্চায় যেন এক দুঃসময়ের পথ পাড়ি দিচ্ছে।’
ওই প্রবন্ধের সূত্র ধরে সেমিনারের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বাঙালি মধ্যবিত্তের ভেতরে রয়েছে দ্বিধা। ফলে সন্তানের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ মঙ্গলের জন্য অভিভাবকদের ভেতরে বাংলার চেয়ে ইংরেজি শেখানোর প্রবণতা বেশি দেখা যায়। এফএম রেডিওর মাধ্যমে ভাষা বদলে যাওয়ার নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, একটি বাক্যের ভেতরে অন্য ভাষার দুএকটি শব্দ ব্যবহার মেনে নেওয়া যায়। কিন্তু বাক্যের অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি ব্যবহার গোলমেলে। তরুণেরা একে ইতিবাচক ভেবে বিতর্ক সৃষ্টি করছে। ভাষা নিয়ে সৃষ্টি হওয়া এই বিতর্ক চলুক, তবে শিগগির মীমাংসাও হওয়া প্রয়োজন। তিনি বলেন, ১৯১৮ সালে বাংলা ভাষা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিবৃতি পাওয়া গিয়েছিল। সেগুলোতে মওলানা মুহম্মদ আকরম খাঁ, ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং আব্দুল করিম সাহিত্যবিশারদ বাঙালির রাষ্ট্রীয় ও জাতীয় ভাষা, মাতৃভাষা ও শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রাধান্য দিয়েছিলেন।
সেমিনারে অংশ নেন জাতিসংঘ সমিতির সদস্যসহ বিভিন্ন স্তরের ভাষা গবেষক, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিত্ব।