বাংলা ভাষা শিক্ষায় গতি আনছে ওডিশা সরকার
ভারতের ওডিশা রাজ্যে বাংলা ভাষা শিক্ষায় গতি আনা হচ্ছে। ওডিশার বাঙালি উদ্বাস্তু সমবায় সমিতির আহ্বায়ক রমেশ চন্দ্র মাঝি গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে এক বৈঠক করেন। এই সময় মুখ্যমন্ত্রী এ বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বাঙালি উদ্বাস্তু সমবায় সমিতির বেশ কয়েকজন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন। এতে ওডিশায় বাংলা শিক্ষার সমস্যা তুলে ধরা হয়। পরে মুখ্যমন্ত্রী এই রাজ্যে বাংলা ভাষা শেখায় গতি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় এবং গণশিক্ষামন্ত্রী দেবী প্রসাদ মিশ্রকে নির্দেশ দেন।
ওডিশায় অনেক বাঙালি রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওডিশায় অন্তত ২৬০টি বিদ্যালয়ে বাংলা ভাষা শেখানো হয়। এ বিষয়ে বই আনা হয় পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু এসব বিদ্যালয়ে বাংলা শিক্ষক আছেন মাত্র ২০ জন। শিক্ষক সংকটসহ নানা কারণে বহু বিদ্যালয়ে বাংলা শিক্ষা কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে নতুন করে গতি আনার চেষ্টা করছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি ৫০ জন বাংলা শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেয় সরকার।