বাংলা ভাষা সঠিকভাবে শিখতে ও জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বাংলা ভাষা সঠিকভাবে শিখতে ও জানতে হবে। অন্য ভাষাও শেখার প্রয়োজন আছে। তবে বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জলিল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, অভিভাবক শওকত ইমরান, শিক্ষার্থী সাদমান জয় নাবিল প্রমুখ।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকত রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পরীক্ষা দিয়ে স্নাতকোত্তরে ভর্তি হওয়ার অপেক্ষা করছিলেন। তিনি মাতৃভাষার প্রতি অপমান সহ্য করতে না পেরে রাজপথে আন্দোলনে নেমে পড়েন এবং শরীরের রক্ত রাজপথে ঢেলে দেন। আজকে নতুন প্রজন্ম হয়তো জানে না যে, বায়ান্নর ভাষা আন্দোলনের কী চেতনা ছিল? যে কারণে বাংলার জন্য মানুষ জীবন দিয়েছে। তিনি শিক্ষার্থীদের বলেন, গাড়ি, বাড়ি, ধনসম্পদের চেয়ে বড় সম্পদ লেখাপড়া। শিক্ষা শুধু সনদ গ্রহণ করা নয়, শিক্ষা মানে অন্তরে শিক্ষা। যা আলো ছড়ায়, দেশকে আলোকিত করে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবীনদের ফুল দিয়ে বরণ করেন এবং বর্ষসেরা শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।