বাংলা ভাষাকে প্রাধান্য দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় যতিচিহ্ন প্রথম কে ব্যবহার করেন? ভাষার জন্য রক্ত দেওয়ার পরও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাকে কেন প্রাধান্য দেওয়া হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন ৮ ফাল্গুনের পরিবর্তে ২১ ফেব্রুয়ারি বলা হয়? প্রতিযোগিতা না হয়ে প্রতিযোগ কেন হলো? গতকাল শনিবার সপ্তম ভাষা প্রতিযোগ ২০১১-এর বরিশাল অঞ্চলের উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের এমন নানা প্রশ্নে মুখরিত হয়ে ওঠে বরিশাল মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণ।সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন। ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন উৎসবের আহ্বায়ক ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান জাহান আরা বেগম।বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার ৫৭ প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী গতকালের ভাষা প্রতিযোগে অংশ নেয়। তাদের অভিভাবকেরা উপস্থিত থেকে বিভিন্ন পর্ব উপভোগ করেন। এইচএসবিসি ব্যাংক এবং প্রথম আলো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনের পর শিক্ষার্থীরা অংশ নেয় ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে মঞ্চে উপস্থিত অতিথি ও বাংলার শিক্ষকেরা খুদে ভাষাবিদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের বই পুরস্কার দেওয়া হয়। প্রশ্নোত্তর পর্বে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাকে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। একই সঙ্গে বাংলা ভাষার ব্যবহার ও উচ্চারণত্রুটি দূর করার উদ্যোগ নিতেও অনুরোধ জানায়।প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে আঞ্চলিক উৎসব। ফাঁকে ফাঁকে আবৃত্তি আর গানে মুগ্ধ হয় উপস্থিত সবাই। এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা এ বি এম ওসমান গণি বলেন, প্রথম আলো যত দিন এভাবে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে, তত দিন এইচএসবিসি ব্যাংক তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।উৎসবের আহ্বায়ক জাহান আরা বেগম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, মায়ের ভাষায় সন্তানদের নাম দিতেও আমরা কুণ্ঠাবোধ করি। এ ক্ষেত্রে বাংলা ভাষার পরিবর্তে অন্য ভাষায় নাম দিতে পারলে গর্বিত হই। এই মানসিকতার পরিবর্তন দরকার।’সমাপনী অনুষ্ঠানের আগে মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষের হাতে উৎসব স্মারক তুলে দেওয়া হয়। পরে প্রতিযোগে বিজয়ী ৫২ জন শিক্ষার্থীকে সনদ, পদক ও বই দেওয়া হয়।যশোর অঞ্চলের নিবন্ধন চলছেযশোর অফিস জানায়, সপ্তম ভাষা প্রতিযোগ ২০১১-এর যশোর অঞ্চলের নিবন্ধন চলছে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে এই অঞ্চলের মোট ৮০০ শিক্ষার্থী ভাষা প্রতিযোগে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। ১৩ মার্চ যশোর জিলা স্কুল প্রাঙ্গণে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। এইচএসবিসি-প্রথম আলো এই প্রতিযোগের আয়োজন করেছে।যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভাষা প্রতিযোগে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী অথবা পরীক্ষার প্রবেশপত্র (যেকোনো একটি প্রমাণপত্র) সঙ্গে আনতে হবে। যশোর জেলার বাইরের শিক্ষার্থীরা মুঠোফোনে অথবা ই-মেইলের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। তবে ১৩ মার্চের আগে প্রথম আলোর যশোর অফিস অথবা অনুষ্ঠানের দিন উৎসব প্রাঙ্গণের তথ্যকেন্দ্র থেকে প্রমাণপত্র দেখিয়ে পরীক্ষার আগেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যেকোনো তথ্যের জন্য প্রথম আলো, যশোর অফিস, এমএম আলী রোড, সমবায় ইউনিয়ন ভবন, যশোর, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও বন্ধুসভার সাইদুর রহমানের (০১৭১৫২৯৩১৪১) সঙ্গে যোগাযোগ করা যাবে।