বাংলা ভাষাকে রক্ষা করতে হবে


বাংলাভাষী একটি পরিবারে আমার জন্ম। ৩৭ বছর ধরে আমি পশ্চিমের একটি দেশে বসবাস করে আসছি। এই এলাকায় আসা প্রথম বাঙালি আটলান্টিক পাড়ি দিয়ে এসেছিলেন প্রায় ১০০ বছর আগে। চলচ্চিত্র নির্মাতা বিবেক বালডের নতুন বই বেঙ্গলি হারলেম অ্যান্ড দ্য লস্ট হিস্ট্রিস অব সাউথ এশিয়ান আমেরিকা-এ এসব অভিবাসীর কাহিনি বিধৃত হয়েছে। আমি নিশ্চিত যে অভিবাসীদের পরবর্তী প্রজন্মের অনেকেই বাংলা পড়তে, লিখতে কিংবা বাংলায় স্বপ্ন দেখবে না। এটা আমার একটি দুঃখজনক স্বীকারোক্তি এবং হয়তো এতে বাংলাদেশি সংস্কৃতিমনাদের অনেকে বিস্মিত হবেন। আমাদের অনেকেই মাঝেমধ্যে বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই যাতে বাংলা হারিয়ে না যায়। এ তো গেল বিদেশের কথা। খোদ বাংলাদেশেই অপেক্ষাকৃত ধনী ব্যক্তিরা ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ইংরেজি মাধ্যম স্কুল ছাড়া অন্য কোথাও পড়ান না। কারণ ক্রমেই ছোট হয়ে আসা বিশ্বের জন্য সেটাই যে বেশি প্রয়োজন। অথচ এই বাঙালি জাতিই ১৯৫২ সালে ভাষার জন্য যুদ্ধ করেছিল। রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছিল তারা। বাংলা ভাষার জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করেনি। এখন এই বাঙালিই টেলিভিশন বিনোদনের নামে হিন্দি ভাষার কাছে আত্মসমর্পণ করছে।
ভাষার প্রসার ও তাকে রক্ষা করার মূল বাধাগুলো যদি দ্রুত ও যথাযথভাবে শনাক্ত না করা যায় তাহলেই সেই ভাষা বদলে যাবে বা তার বিলুপ্তি ঘটবে। ১০০ বছরে বাংলা ভাষা সাধুরীতি থেকে চলিত রীতিতে চলে এসেছে। বাংলাকে রক্ষার জন্য এখন কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং গবেষকদের সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
এখন ইংরেজি ভাষাও নানা রূপ পেয়েছে, যেমন হিংলিশ (হিন্দি + ইংলিশ), পোংলিশ (পোলিশ + ইংলিশ) ও সিংলিশ (সিঙ্গাপুরিয়ান ইংলিশ) ইত্যাদি। ২০২০ সাল নাগাদ প্রায় ২০০ কোটি মানুষ ইংরেজিতে কথা বলবে। এদের মধ্যে মাত্র ১৫ শতাংশ খাঁটি ইংরেজ। এখন যারা ইংরেজিতে কথা বলছে তাদের অধিকাংশই খাঁটি ইংরেজ নন। প্রায় ৩০ কোটি চীনা নাগরিক ইংরেজি পড়ছে ও লিখছে। হিংলিশ বা বাংলিশের উদ্ভবের মানে এই নয় যে বাংলা বা হিন্দি ভাষা বিলুপ্ত হয়ে গেল।
৫০০ বছরে বিশ্বের প্রায় ৫০ শতাংশ ভাষা বিলুপ্ত হয়েছে। আগামী কয়েক শ বছরে বিশ্বের সাত হাজার ভাষার অর্ধেকই বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মোটামুটি বলা যায়, বিশ্বে ৫০০টি ভাষা আছে, যেসব ভাষায় ১০ জনেরও কম মানুষ কথা বলে।
রোমের ভাষা লাতিন পরে ইতালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসিদের ভাষায় পরিণত হয়। জার্মান ভাষা ডেনিশ, সুইডিশ ও ডাচদের ভাষায় পরিণত হয়। মজার বিষয় হচ্ছে, ইংরেজি ভাষাটা এসেছে জার্মান ও লাতিন ভাষা থেকে।
হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রভাষা হওয়া সত্ত্বেও দেশটির এক-ষষ্ঠাংশ মানুষ এ ভাষায় কথা বলে। বাকিরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে।
ভাষার রূপান্তর অথবা বিলুপ্তির পেছনে অনেক কারণ কাজ করে। এর মধ্যে একটি হচ্ছে সংস্কৃতির বিলুপ্তি। ভাষাবিদেরা হিসাব-নিকাশ করে দেখেছেন বিশ্বের অর্ধেক ভাষার কোনো লিখিত রূপ নেই। বর্তমান ডিজিটাল বিশ্বে ভাষার জীবন বা আয়ু এখন নির্ভরশীল হয়ে পড়ছে কত দ্রুত তা তথ্যযোগাযোগ প্রযুক্তিতে খাপ খাইয়ে নিচ্ছে। এটা এখন আর কোনো বিস্ময়কর ঘটনা না যে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন সংস্কৃতির রূপান্তরের মাধ্যমে পরিণত হয়েছে। বিশ্বায়নের ফলে মানুষ তার ভাষা হারিয়ে ফেলছে। যোগাযোগ করার জন্য মানুষ এখন সবচেয়ে বেশি যে ভাষার ব্যবহার হয় তা-ই ব্যবহার করে। একই কারণে অল্প কিছু মানুষ যে ভাষায় কথা বলে বা যে ভাষা একটি ছোট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ সে ভাষায় নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করবে না। অল্প কিছু মানুষ যেসব ভাষায় কথা বলে সেসব ভাষা এমনিতেই পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যাবে।
বর্তমানে বিশ্বের ২৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাষা ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার স্থান বিশ্বে মধ্যে ষষ্ঠ। তবে তার মানে এই নয় যে বাংলাকে সবচেয়ে বেশি পঠিত বা সবচেয়ে বেশি সংরক্ষিত বা ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহূত ভাষা হতে হবে। বাংলা ভাষাভাষির এই বিশাল জনগোষ্ঠী এখন কানাডা, মালাবি, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বসবাস করছে ।
প্রচুর মানুষ বাংলায় কথা বললেও ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যবহূত ভাষার মধ্যে প্রথম ১০টির মধ্যে বাংলা নেই। ৮২ দশমিক ২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ইংলিশ, চায়নিজ, স্প্যানিশ, পর্তুগিজ, আরবি, ফরাসি, রুশ ও কোরীয় ভাষার মধ্যে একটি ব্যবহার করে। উপমহাদেশীয় কোনো ভাষা এই আটটির মধ্যে নেই। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যারা ইংরেজিতে দক্ষ তারা ইন্টারনেট ভাষা হিসেবে ইংরেজিই ব্যবহার করে।
বাংলা ইন্টারনেট ভাষা হিসেবে গড়ে না ওঠার একটি বড় কারণ হচ্ছে এর বিচিত্র উচ্চারণ এবং কাঠামো। এতে রয়েছে অপেক্ষাকৃত বড় বর্ণমালা, যাতে রয়েছে বহু জটিল বর্ণ। এ ছাড়া রয়েছে একই শব্দের নানা রকম বানান আর ভাষার আঞ্চলিক উচ্চারণ। আরেকটি বড় কারণ হচ্ছে বাংলা ভাষার প্রক্রিয়াকরণে (বিএলপি) বিশেষজ্ঞ ও যথেষ্ট সম্পদ বিনিযোগ না করা। অর্থাৎ বাংলাভাষীদের জন্য একটি শক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আরও অনেক কাজ করতে হবে।
বাংলাদেশ ও ভারতে বর্তমানে বাংলা ভাষা প্রক্রিয়াকরণের কাজটি থমকে আছে। ডিজিটাল যন্ত্রে বাংলা ব্যবহার করার কাজ এখন অনেক বাকি আছে। বাংলা ভাষাকে বিশ্বায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহুমাত্রিক ব্যবহারের জন্য কি-বোর্ড, বাংলা লিখন-পদ্ধতি, বাংলা ফন্ট ও ইউনিকোড প্রমিতকরণ করতে হবে। আমাদের দেশের গবেষক এবং প্রযুক্তিবিদেরা বারবার একই জিনিস আবিষ্কারের ফাঁদে ঘুরপাক খাচ্ছেন, যা কিনা ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। এই দুষ্টচক্র থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে।
বিএলপি গবেষণার সাফল্য (ফন্টের নকশা, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, বাংলা লেখা প্রক্রিয়াকরণ, স্বরধ্বনির বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ) বিশেষ করে সাধারণ মানুষ এবং তাদের আর্থ-সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিএলপির সাফল্য ছাড়া আমরা জনগণকে যতই তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করি না কেন তাতে অন্তত বাংলা ভাষা ইন্টারনেটের ভাষা হিসেবে গড়ে উঠবে না। এতে করে সাধারণ মানুষের ভাষাই দুর্ভোগের মুখে পড়বে।
ইংরেজি থেকে অনূদিত
আতাউল করিম
ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডারমাউথের প্রভোস্ট ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। ইলেকট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং ও প্যাটার্ন রিকগনিশন বিষয়ের বিশেষজ্ঞ। ফলিত আলোকবিজ্ঞানের (অ্যাপ্লায়েড অপটিকস) ৫০ বছরের ইতিহাসে সেরা ৫০ গবেষকের তালিকায় আতাউল করিমের নাম রয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় জন্মগ্রহণকারী আতাউল করিম ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১৯৬৯ সালে মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৭২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেট এমসি কলেজ থেকে প্রথম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটি অব আলাবামা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।