বাংলা ভাষায় ‘ই-লার্নিং ওয়েব সাইট’
বাংলা ভাষায় প্রথমবারের মতো একটি ‘ই-লার্নিং ওয়েবসাইট’ চালু হয়েছে। www.champs21.com নামের ওই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই নিজেদের অর্জিত শিক্ষা যাচাই করে নেওয়ার সুযোগ পাবে।তবে সব বিষয় নয়, তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শুধু গণিত ও বিজ্ঞানের ওপর পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে ফলাফল। ভুল হলে কোথায়, কী ভুল হয়েছে, তা-ও জানা যাবে। এ জন্য অবশ্য শিক্ষার্থীদের টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করতে হবে।গতকাল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের মিলনায়তনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন। ডেইলি স্টার ও টিম ক্রিয়েটিভ যৌথভাবে ই-লার্নিংয়ের ওই উদ্যোগ নিয়েছে।ওয়েবসাইটটি উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষায় প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায়। সে ক্ষেত্রে এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষায় প্রথম ই-লার্নিং চালুর ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এ ধরনের সৃজনশীল বিষয়গুলোকে উদ্বুদ্ধ করতে চাই।’ এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার আশানুরূপভাবে বিস্তৃত হয়নি। এর একটি বড় কারণ ‘কনটেন্ট’-এর অভাব। বাংলায় উল্লেখযোগ্য তেমন কোনো কনটেন্ট ইন্টারনেটে নেই। বাংলায় ই-লার্নিং চালুর এ উদ্যোগ সে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এ টেস্টটি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে দেওয়ার সুপারিশ করেন।ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার সব সময় উদ্ভাবনী কিছু করা বা তার সঙ্গে থাকার চেষ্টা করে। সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করার চেষ্টা করে। সেটি যদি শিক্ষাসংশ্লিষ্ট হয়, তাহলে আগ্রহ আরও বেশি থাকে। ই-লার্নিং বিশ্বব্যাপী নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশে এ উদ্যোগ সামান্য হলেও অবদান রাখবে বলে তিনি আশা করেন।টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ বলেন, এ ওয়েবসাইট কোনোভাবেই শিক্ষক বা শ্রেণীকক্ষের বিকল্প নয়। এটি শুধু শিক্ষার্থীদের নিজেদের যাচাইয়ের সহায়ক একটি মাধ্যম।অন্যদের মধ্যে অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান, গ্রামীণফোনের কর্মকর্তা সৈয়দ তাহমীদ আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।প্যাকেজ মূল্য: তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গণিত ও বিজ্ঞানের জন্য এক হাজার টাকা (ছয় মাস), এক হাজার ৫০০ টাকা (এক বছর), পঞ্চম শ্রেণীর জন্য এক হাজার ৫০০ ও দুই হাজার ৫০০ টাকা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য দুই ও তিন হাজার, অষ্টম শ্রেণীর জন্য দুই হাজার ৫০০ ও চার হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া নবম ও দশম শ্রেণীর গণিত ও বিজ্ঞানের রেজিস্ট্রেশনের জন্য প্রতি বিষয়ের জন্য দুই থেকে চার হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হবে।