বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে দুই দেশকে উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন উপলক্ষে গতকাল এসবিআই মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করছেন আসাদুজ্জামান নূর l প্রথম আলো
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন উপলক্ষে গতকাল এসবিআই মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করছেন আসাদুজ্জামান নূর l প্রথম আলো

বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলা সাহিত্যের সৃষ্টিকে আজ আমাদের পৌঁছে দিতে হবে পৃথিবীর সব প্রান্তে। পৃথিবীর নানা দেশের সাহিত্যের অনুবাদগ্রন্থ আজ আমরা পড়লেও সেভাবে বাংলা সাহিত্যের অনুবাদগ্রন্থ বিস্তৃতি লাভ করেনি। তাই বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য দুই দেশকে আরও উদ্যোগী হতে হবে। এতে করে বাংলা সাহিত্য বৈশ্বিক রূপ পাবে।
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার এসবিআই মিলনায়তনে আয়োজিত ‘বাঙালিয়ানা ও বৈশ্বিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশের আসাদুজ্জামান নূর এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলা সাহিত্য ও সভ্যতার ধারা আমরা যুগ যুগ ধরে বহন করে আসছি। শিল্প ও সাহিত্যচর্চা যত বেশি বাড়বে, ততই আমাদের বাঙালিয়ানাও বাড়বে।’
এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে ঢাকার বাংলা একাডেমির বর্ধমান হাউসের আদলে। ৩ হাজার ৭০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে এই প্যাভিলিয়ন। আর এই বইমেলায় বাংলাদেশের ৩২টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। বইমেলার আয়োজন করেছে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এই বইমেলায় যোগ দিয়েছে বাংলাদেশসহ পৃথিবীর ২২টি দেশ। সব মিলিয়ে ৮০০ প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে এই বইমেলায়। এর মধ্যে ২০০টি লিটল ম্যাগাজিনের।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনায় অংশ নেন বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাহিত্যিক সমরেশ মজুমদার, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।