লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন। মন্ত্রিসভার প্রায় সব সদস্য পৃথকভাবে শোক প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিভিন্ন শোকবার্তায় বলা হয়, প্রখ্যাত এই লেখকের মৃত্যুতে বাংলা সাহিত্যে বিশাল শূন্যতা তৈরি হলো। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে বাঙালি জাতির কাছে তিনি অমর হয়ে থাকবেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত লেখক, কবি, নাট্যকার ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহককে হারাল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন।
আজ বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাবে। সৈয়দ আশরাফুল ইসলাম সব নেতা-কর্মীকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সৈয়দ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেছেন, শামসুল হক আমৃত্যু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একজন সাহসী সাংস্কৃতিক যোদ্ধা ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব ইকবাল আর্সলান শোক প্রকাশ করেন।
আরও শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ প্রমুখ।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শোক জানিয়েছেন।