
ভাবলে বিস্মিত হতে হয় যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছিলেন একজন ইংরেজ—হ্যালহেড (১৭৭৮)। বাংলা হরফে ছাপানো প্রথম বাংলা বইয়ের লেখকও এক ইংরেজ—ডানকান (১৭৮৪)। প্রথম বাংলা-ইংরেজি-বাংলা অভিধান রচনা করেছিলেন, তা-ও হেনরি ফরস্টার (১৭৯৯-১৮০১)। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার প্রথম অধ্যাপকও ছিলেন একজন ইংরেজ—উইলিয়াম কেরি (১৮০১)। সেই থেকে শত শত বিদেশি বাংলা শিখেছেন, বাংলায় লিখেছেন এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন।
এই অনুবাদের কাজে সম্প্রতি সবচেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন উইলিয়াম রাদিচে (জন্ম ১৯৫১)। তিনি অক্সফোর্ড থেকে ইংরেজিতে ডিগ্রি করেন। তা ছাড়া, তরুণ কবি হিসেবে পুরস্কার লাভ করেছিলেন। এ পর্যন্ত তাঁর নয়টি মৌলিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। অক্সফোর্ডে অধ্যয়ন শেষ করে ১৯৭১ সালে তিনি বাংলা শেখার সিদ্ধান্ত নেন। যা তাঁকে বাংলা পড়তে উদ্বুদ্ধ করে, তা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। তিনি এক বক্তৃতায় বলেছেন যে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ নন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম নন, তাঁকে বাংলা ভাষার দিকে টেনেছিলেন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নেতা ও জাতির জনক শেখ মুজিবুর রহমান।
রাদিচে বাংলা শিখেছিলেন তারাপদ মুখোপাধ্যায়ের কাছে—লন্ডনের অরিয়েন্টাল অ্যান্ড অ্যাফ্রিকান স্টাডিজে। রবীন্দ্রসাহিত্যেও তাঁর হাতে-খড়ি হয় সেখানে। তিনি বিশেষ করে আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথের কাব্য দিয়ে এবং কাব্যই অনুবাদ করতে আরম্ভ করেন। তাঁর অনুবাদ করা ৪৮টি কবিতা নিয়ে ১৯৮৫ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর: সিলেকটেড পোয়েমস নামে একটি কাব্যগ্রন্থ। এই সংকলন প্রকাশিত হওয়ার পর পশ্চিমা বিশ্বে রবীন্দ্রনাথ যেন নতুন জীবন লাভ করেন। প্রথম মহাযুদ্ধের ঠিক আগে, ১৯১৩ সালে, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেও মহাযুদ্ধের জাতীয়তাবাদী উন্মত্ততায় তাঁর জনপ্রিয়তা লোপ পেয়েছিল।
উইলিয়াম রাদিচের কৃতিত্ব এই যে তিনি বিচিত্র আঙ্গিক ও নানা স্বাদের কবিতার অনুবাদ করেন ‘আধুনিক’ ইংরেজিতে, যা রবীন্দ্রনাথ সম্পর্কে ইংরেজ পাঠকদের কৌতূহল নতুন করে জাগিয়ে তোলে। এতে ‘দুই বিঘা জমি’র মতো আখ্যানমূলক কবিতা যেমন ছিল, তেমনি ছিল ভিন্ন স্বাদের ‘সোনার তরি’, ‘শা-জাহান’ এবং শেষ দিকের গদ্যকবিতা।
একবার এই সংকলনের মাধ্যমে সাফল্য লাভ করার পর রাদিচে রবীন্দ্রনাথের ছোটগল্পের অনুবাদে হাত দেন এবং ১৯৯১ সালে রবীন্দ্রনাথের নির্বাচিত গল্পের অনুবাদ প্রকাশ করেন। ছোটগল্পের আরও একটি সংকলন তিনি প্রকাশ করেন কাবুলিওয়ালা নামে। তবে রাদিচে উপলব্ধি করেন যে রবীন্দ্রনাথের সত্যিকার অনুবাদের ক্ষেত্র তাঁর গল্প, উপন্যাস অথবা নাটক নয়, বরং কবিতা। তাই তিনি রবীন্দ্রনাথের কবিতার আরও একাধিক সংকলন প্রকাশ করেন। এমনকি ‘কণিকা’, ‘লেখন’ ও ‘স্ফুলিঙ্গ’-এর ক্ষুদ্র কবিতাও অনুবাদ করেন (২০০৪)। অবশ্য তিনি ডাকঘর নাটকের যে অনুবাদ করেন, তা সত্যি অসাধারণ।
অনুবাদে সৃজনশীলতার আরেকটি অসাধারণ পরিচয় তিনি দিয়েছিলেন রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের সময়। এ সময় তিনি নতুন করে গীতাঞ্জলি অনুবাদ ও সম্পাদনা করেন। এতে তিনি রবীন্দ্রনাথের মূল অনুবাদের পাশাপাশি আধুনিক ইংরেজিতে রচনাগুলোর পদ্যানুবাদ প্রকাশ করেন। ফলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির মাধ্যমে পাঠকহৃদয়ে যে রস সৃষ্টি করতে চেয়েছিলেন, প্রথমবারের মতো পাঠকেরা তার স্বাদ পেলেন রাদিচের অনুবাদে। একে ইংরেজিতে ‘ট্রান্সলেশন’ না বলে বলা হয়েছে ‘ট্রান্সক্রিয়েশন’।
বস্তুত, অনুবাদ করতে গিয়েও তিনি তাঁর সৃজনশীলতার পরিচয় দিয়েছেন নানা দিক দিয়ে। দ্য পোয়েম অব দ্য কিলিং অব মেঘনাদ নামে তিনি মেঘনাদবধ কাব্যের যে উৎকৃষ্ট অনুবাদ করেন, তাতেও তিনি এই সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।
উইলিয়াম রাদিচের আরেক অতুলনীয় অবদান হলো বহু অজানা দেশে—বিশেষত পশ্চিমা দেশগুলোতে—যেখানে বাংলা ভাষা নামে একটি ভাষার কথাই জানা ছিল না, এবং জানা ছিল না বাংলা সাহিত্যের ঐশ্বর্যমণ্ডিত ঐতিহ্যের কথা, সেই সব দেশে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের খবর পৌঁছে দিয়েছিলেন। তাঁর অন্যান্য অবদানের মূল্যায়ন নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের পতাকাকে বিশ্বদরবারে তুলে ধরার ব্যাপারে তাঁর অবদান যে সুবিস্তৃত ও অতুলনীয়, সে সম্পর্কে সন্দেহের কারণ নেই।
সোয়াস থেকে বাংলা শেখার পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তপন রায়চৌধুরীর তত্ত্বাবধানে মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য নিয়ে গবেষণা করতে আরম্ভ করেন। এর জন্য তিনি ১৯৮৭ সালে ডিফিল ডিগ্রি লাভ করেন। অক্সফোর্ডে তিনি পড়তেন খুব সম্ভব খণ্ডকালীন ছাত্র হিসেবে। বাকি সময় পড়াতেন একটা স্কুলে। পরে তিনি সোয়াসের শিক্ষক হন (১৯৮৮) প্রথমে খণ্ডকালীন প্রভাষক হিসেবে, তারপর প্রভাষক এবং সব শেষে সিনিয়র লেকচারার হিসেবে। তিনি তখন—১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত—বিভাগীয় প্রধান হিসেবেও কাজ করেন। এরপর মাত্র ৫০ বছর বয়সে অবসর নিয়ে নিজের কাজে আত্মনিয়োগ করতে চান রাদিচে।
রাদিচে যখন সার্বক্ষণিক গবেষণা ও কাব্যচর্চায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রস্তুত, তেমন সময় ২০১২ সালের মে মাসে অত্যন্ত গুরুতর দুর্ঘটনায় পতিত হন। একটা চলন্ত ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি দেহের বিভিন্ন স্থানে গুরুতররূপে আহত হন। বিশেষ করে তিনি আহত হয়েছিলেন মাথায়। তবে সৌভাগ্যক্রমে তাঁকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় এবং সেখানে অত্যন্ত উন্নতমানের চিকিৎসা লাভ করেন। তিনি লাইফ সাপোর্টেই ছিলেন ছয় সপ্তাহ। তবে বেঁচে উঠলেও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। মাথায় আঘাতের কারণে তিনি মাঝেমধ্যেই মৃগীরোগে আক্রান্ত হন এবং চিন্তা করতে গেলে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। তিনি কিছুকাল আগে আমাকে জানিয়েছেন যে বাংলা তিনি প্রায় ভুলে গেছেন। তাই অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক জগতে পৌঁছে দেওয়ার যে অসাধারণ কাজ তিনি করছিলেন, তা আবার করতে পারবেন কি না, সন্দেহ হয়। কিন্তু তিনি প্রায় তিন দশক ধরে বাংলা ভাষা ও সাহিত্যের যে সেবা করেছেন, তার কোনো তুলনা নেই।
উইলিয়াম রাদিচে, যুক্তরাজ্য
জন্ম: ১৯৫১
উল্লেখযোগ্য কাজ
রবীন্দ্রনাথ ঠাকুর: সিলেকটেড পোয়েমস
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর অনুবাদ কাবুলিওয়ালা
দ্য পোয়েম অব দ্য কিলিং অব মেঘনাদ
নতুনভাবে গীতাঞ্জলি অনুবাদ ও সম্পাদনা