বাংলা হবে সেতুবন্ধের ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে অনুষ্ঠিত গতকাল আঞ্চলিক ভাষা প্রতিযোগের বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা । ছবি: প্রথম আলো
পটুয়াখালীতে অনুষ্ঠিত গতকাল আঞ্চলিক ভাষা প্রতিযোগের বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা । ছবি: প্রথম আলো

বাংলা ভাষার রয়েছে অন্তর্নিহিত শক্তি আর অপার সম্ভাবনা। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে, সম্ভাবনাকে করতে হবে সফল। বাংলা ভাষা ব্যবহারের পরিধি বাড়িয়ে এ ভাষার গৌরবকে ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে।
গতকাল শুক্রবার পটুয়াখালী অঞ্চলের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল। তিনি প্রতিযোগের উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ঐকান্তিক সাধনায় বাংলা শুধু আমাদের প্রাণের ভাষা হয়েই থাকবে না, এ ভাষা একদিন হয়ে উঠবে বিশ্বের সকল মানুষের প্রাণে প্রাণে সেতুবন্ধের ভাষা।’
বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. হাকিম আরিফ। এরপর ৪০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর ছিল প্রশ্নোত্তর পর্ব।
শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত ও মজার মজার প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শুসমিন আফসানা, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের ও প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফিরোজ জামান চৌধুরী।
প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদের সঞ্চালনে উৎসবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিম জসীম, পটুয়াখালী একেএম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার দাস, পটুয়াখালী টাউন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক নির্মল কুমার দাসগুপ্ত ও প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস।
ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও বরিশালের প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগে অংশ নেয়।
চূড়ান্ত পরীক্ষায় চার বিভাগের ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরাদের সেরা হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হালিমা-নূর-ই-জান্নাত। উৎসবে সার্বিক সহযোগিতা করেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা।