বাংলা হরফের দুর্দিন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা হরফের এখন দুঃসময় চলছে। রোমান হরফে বাংলা লেখার হালের চর্চা, দাপ্তরিক কাজে ইংরেজি ভাষার আধিপত্য ও বাংলা মুদ্রণবিদ্যার (টাইপোগ্রাফি) উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এ ভাষাকে আরও কোণঠাসা করে ফেলছে।
‘বাঙলা টাইপ ফন্ট এবং কম্পিউটারে বাঙলা হরফের উদ্ভাবন ও বিবর্তন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল সোমবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এবং ‘বিজয়’ হরফের উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, ডিজিটালাইজেশনের নামে বাংলা ভাষাকে বিদায় করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেশির ভাগ ক্ষেত্রেই ইংরেজি সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। নতুন প্রজন্ম রোমান হরফে বাংলা লিখতে অভ্যস্ত হয়ে পড়ছে। তিনি বলেন, ‘বাংলা হরফের খুব দুর্দিন চলছে, এ কথা বলার সময় এখন এসেছে।’
মিডিয়া ও উন্নয়নকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাংলায় বড় আকারের শিরোনাম ছাপানোর ক্ষেত্রে হরফের ঘাটতি রয়ে গেছে। মুদ্রণবিদ্যা নিয়ে কাজ করতে বাংলা একাডেমি বা জাতীয় গ্রন্থকেন্দ্র কেউই এগিয়ে আসছে না।